দ্বিতীয়বার মন্ত্রী হিসেবে পাথারকান্দি আসছেন কৃষ্ণেন্দু, জোরদার প্রস্তুতি বিজেপির

Spread the news

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৯ জুন : অসম সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আগামী ১১ জুন দ্বিতীয়বারের মতো নিজ বিধানসভা কেন্দ্র পাথারকান্দি সফরে আসছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তাঁর আগমনকে ঘিরে দলীয় নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। মন্ত্রীর সফরকে সাফল্যমণ্ডিত করতে মঙ্গলবার পাথারকান্দি মণ্ডল বিজেপির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামীর সাংগঠনিক কর্মসূচি, জনসংযোগ কার্যক্রম এবং বিভিন্ন পর্যায়ের দায়িত্ব বণ্টন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি বুথভিত্তিক সংগঠনকে আরও সক্রিয় করে তুলতে এবং সর্বস্তরের কর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

সভায় বক্তারা বলেন, কৃষ্ণেন্দু পালের মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি শুধু পাথারকান্দির নয়, সমগ্র শ্রীভূমি জেলা ও বরাক উপত্যকার জন্য গৌরবের বিষয়। তাঁর নেতৃত্বে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও বেগবান হবে এবং দীর্ঘদিনের বিভিন্ন জনসমস্যার সমাধানে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন পাথারকান্দি মণ্ডল বিজেপির সভাপতি শশীবাবু সিনহা (মানিক্য সিনহা), লোয়াইরপোয়া মণ্ডল বিজেপির সভানেত্রী সম্পা চৌধুরী, দলের প্রবীণ ও বরিষ্ঠ নেতৃবৃন্দ, বিভিন্ন মোর্চার পদাধিকারী, গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিবৃন্দ, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য-সদস্যা এবং বিপুল সংখ্যক দলীয় কার্যকর্তা।

নেতৃবৃন্দ আগামী ১১ জুনের সফরকে স্মরণীয় করে তুলতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে বুথ পর্যায় পর্যন্ত সাংগঠনিক যোগাযোগ জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *