মান্তু নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ৯ জুন : পাথারকান্দির পর কাছাড়ে ঘটল গণপিটুনির ঘটনা। ভারত-বাংলা সীমান্তবর্তী কাটিগড়ায় এক নৃশংস গণপিটুনির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাংলাদেশি সন্দেহে স্থানীয় এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। গুরুতর আহত ওই যুবক বর্তমানে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, সোমবার রাতে কাটিগড়া এলাকার সৈদপুরে তাপাদার বাজার থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় যুবক ইমরান হোসেন একদল দুষ্কৃতীর কবলে পড়েন। অভিযোগ, দুষ্কৃতীরা তাকে বাংলাদেশি বলে সন্দেহ করে আটক করে এবং প্রকাশ্য রাস্তায় নির্মমভাবে মারধর শুরু করে।
মারধরের শিকার যুবকটি চিৎকার করলে সীমান্তে দায়িত্বে থাকা সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছান। বাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা গুরুতর আহত অবস্থায় ইমরানকে রাস্তায় ফেলে পালিয়ে যায়।
পরে সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে কালাইন হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগীর পরিবার এবং স্থানীয় বাসিন্দারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।



