বরাক তরঙ্গ, ৭ জুন : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রবিবার শিলচর সিভিল হাসপাতাল চত্বরে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করে বরাক বিজ্ঞান মঞ্চ এবং শিলচর সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটি। কর্মসূচির অংশ হিসেবে হাসপাতালের বহুল ব্যবহৃত পুকুরের পাড় পরিষ্কার করা হয় এবং হাসপাতাল প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
উল্লেখ্য, শিলচর সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটি ২০২১ সাল থেকে হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে ধারাবাহিকভাবে নানা উদ্যোগ গ্রহণ করে আসছে। সেই প্রচেষ্টারই অংশ হিসেবে এদিনের কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে হাসপাতালের উন্নয়নমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সহযোগিতা করে আসা দুই সংগঠন—নাগরিক স্বার্থরক্ষা সংগ্রাম পরিষদ এবং হাসপাতাল রোড মার্চেন্ট অ্যাসোসিয়েশনকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। হাসপাতাল চত্বরে একটি বাগান গড়ে তোলা এবং তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করায় দাবি কমিটির পক্ষ থেকে সংগঠন দুটিকে সম্মাননা জানানো হয়।

এদিন বরাক বিজ্ঞান মঞ্চ ও সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটির মহিলা সদস্যরা হাসপাতালের প্রসূতি বিভাগের রোগী, তাঁদের পরিবারের সদস্য এবং হাসপাতালের কর্মীদের নিয়ে একটি সচেতনতামূলক সভারও আয়োজন করেন। সভায় হাসপাতাল চত্বর পরিচ্ছন্ন রাখার গুরুত্ব এবং পরিবেশ সংরক্ষণে সকলের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। নাগরিক স্বার্থরক্ষা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে মলয় ভট্টাচার্য, জ্যোতিষ ভট্টাচার্য, বিমলেন্দু দত্ত, বিমল কান্তি দে এবং সংগঠনের সাধারণ সম্পাদক হরিদাস দত্ত সম্মাননা গ্রহণ করেন। অন্যদিকে হাসপাতাল রোড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষে সাধারণ সম্পাদক সুরেন্দ্র জৈন ও প্রদীপ সুরানা সম্মাননা গ্রহণ করেন।
অনুষ্ঠানে বরাক বিজ্ঞান মঞ্চ ও শিলচর সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটির পক্ষ থেকে কমল চক্রবর্তী, সুকল্পা দত্ত, খাদেজা বেগম লস্কর, শিপ্রা চক্রবর্তী, মধুসূদন কর, সাবির আহমেদ, রাহুল রায়, মধুমিতা দেব, পিঙ্কি দাস, কৃশানু ভট্টাচার্য, নিরুপম পাল, আপ্পু রবিদাসসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে বরাক বিজ্ঞান মঞ্চ ও সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটির পক্ষ থেকে ভবিষ্যতেও পরিবেশ সচেতনতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। পাশাপাশি এই উদ্যোগগুলিকে সফল করে তুলতে সমগ্র বরাকবাসীর সহযোগিতা কামনা করা হয়।



