সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান সহ শিক্ষার্থীদের সহায়তা হৃদয়ের

Spread the news

বরাক তরঙ্গ, ৭ জুন : সামাজিক সংগঠন ‘হৃদয়’-এর ত্রয়োদশ বার্ষিক সম্মাননা প্রদান অনুষ্ঠান রবিবার শিলচরের গোলদিঘি মলের ‘বাতায়ন’ সভাগৃহে অনুষ্ঠিত হয় এবং এতে এবার চিকিৎসা, শিক্ষা ও সমাজসেবা সহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সাতজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ এবং একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

গুণজ্যোতি দত্তের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ বিশ্বতোষ চৌধুরী সহ অন্যান্যরা, প্রবীণ চিকিৎসক ডাঃ কুমারকান্তি দাশ, ডাঃ অজিত ভট্টাচার্য, সমাজসেবী সুরজিৎ সোম সহ অন্যান্যরা। বিশ্বতোষ এদিন এই সামাজিক সংস্থা বিভিন্ন কাজের সফল দিক তুলে ধরার পাশাপাশি মানবসেবার গুরুত্বের উপর জোর দিয়ে বলেন, অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত ধর্ম। বর্তমান শিক্ষা ব্যবস্থা ও যুবসমাজের মূল্যবোধের অবক্ষয় নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। তরুণ প্রজন্মকে সমাজসেবামূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, লোভ-লালসা থেকে দূরে থেকে ‘হৃদয়’ কিংবা ‘খোঁজ’-এর মতো সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে সমাজের জন্য কাজ করা প্রয়োজন। সততা ও নিষ্ঠার মাধ্যমে ইতিবাচক পরিবর্তন সম্ভব।

এদিন চিকিৎসা ক্ষেত্রে অবদানের জন্য ডাঃ সুব্রত নন্দী ও ডাঃ সুব্রতকুমার পালকে সম্মাননা প্রদান করা হয়। শিক্ষা ক্ষেত্রে সম্মানিত হন রাজেশ্বরী দত্ত চৌধুরী, সুমিতা চৌধুরী, রুমা নাথ চৌধুরী এবং সুস্মিতা ভট্টাচার্য। রক্তদান আন্দোলনে বিশেষ অবদানের জন্য সম্মানিত হন মহিতোষ পাল (আশু)। তাদের হাতে উত্তরীয় ও স্মারক তুলে দেন প্রবীণ চিকিৎসক ডাঃ কুমারকান্তি দাশ, ডাঃ অজিত ভট্টাচার্য, সমাজসেবী সুরজিৎ সোম এবং সংগঠনের সহ-সভাপতি উৎপল দেব রায়। সংগঠনের কোষাধ্যক্ষ রাতুল ভট্টাচার্য বলেন, সমাজের বিভিন্ন স্তরের মানুষের সহযোগিতায় সংগঠনের কার্যক্রম এগিয়ে চলেছে। সম্মাননা প্রদানের পাশাপাশি শিক্ষাক্ষেত্রে সহায়তা প্রদানও সংগঠনের অন্যতম লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানের অংশ হিসেবে উকিল বাজার এলপি স্কুল ও নাজিরপট্টি মডেল প্রাইমারি স্কুলের ১০ জন শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়। এছাড়া উচ্চমাধ্যমিক স্তরের ছয়জন আর্থিকভাবে অসচ্ছল ছাত্রছাত্রীকে পাঠ্যবই, খাতা ও অন্যান্য শিক্ষাসামগ্রী প্রদান করা হয়। শিলচরের অরবিন্দ ট্রাস্টের সমাজসেবামূলক কর্মকাণ্ডের জন্য সংগঠনের পক্ষ থেকে ৫ হাজার টাকার একটি চেকও হস্তান্তর করা হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। শুরুতে ‘কলাক্ষেত্রম শিলচর’-এর ছাত্রীরা ভরতনাট্যম পরিবেশন করেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বাচিক শিল্পী বিপ্লব বিশ্বাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *