নালুগাঁও মব লিঞ্চিং: শিলচর মেডিক্যালে দুই যুবকের খোঁজ জাকালাকার

Spread the news

বরাক তরঙ্গ, ৭ জুন : পাথারকান্দির নালুগাঁওয়ে সংঘটিত মব লিঞ্চিংয়ের ঘটনাকে কেন্দ্র করে এখনও উত্তাল সামাজিক মাধ্যম। ঘটনার নিন্দা ও প্রতিবাদে বিভিন্ন মহল সরব হলেও, গুরুতর আহত দুই যুবক আমির উদ্দিন ও ইসলাম উদ্দিনের চিকিৎসা এবং শারীরিক অবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছে সামাজিক সংগঠন জাকালাকা।

বর্তমানে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহত দুই যুবক। তাঁদের অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানা গেছে। এদিকে, চিকিৎসা ব্যবস্থায় অবহেলা ও বিলম্বের অভিযোগ তুলে রবিবার হাসপাতাল পরিদর্শনে যায় জাকালাকার একটি প্রতিনিধি দল। সেখানে তারা আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলে।

সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও আহতদের শরীর থেকে এখনও সব গুলি অপসারণ করা হয়নি। ফলে তাঁদের শারীরিক অবস্থার আরও অবনতি ঘটছে বলে অভিযোগ প্রতিনিধিদের। পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে দ্রুত ও উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে জাকালাকা।

প্রতিনিধি দলের সদস্যরা হাসপাতালের অধ্যক্ষের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করলেও তাঁকে কার্যালয়ে পাননি বলে জানানো হয়। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনের প্রতিনিধিরা বলেন, আহতদের চিকিৎসায় কোনও ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না এবং মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে হবে।

এদিনের প্রতিনিধি দলে ছিলেন ডা. এম শান্তিকুমার সিংহ, আইনজীবী তানিয়া লস্কর, কনক পাল, সাদিক মহম্মদ লস্কর এবং নাহারুল আহমেদ মজুমদার। তাঁরা নালুগাঁওয়ের ঘটনাকে অত্যন্ত অমানবিক ও নিন্দনীয় বলে অভিহিত করেন। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত সকল অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি, আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকারি উদ্যোগে বহন, পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার দাবি জানান। একই সঙ্গে অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য সমাজের সর্বস্তরের মানুষের প্রতিও আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *