শিশু শিক্ষা সমিতি, অসমের সংকুল প্রধানদের গুরুত্বপূর্ণ বৈঠক

Spread the news

শিক্ষা, পরিকাঠামো ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তৃত আলোচনা

বরাক তরঙ্গ, ৭ জুন : বিদ্যা ভারতীর সহযোগী সংগঠন শিশু শিক্ষা সমিতি, অসমের উদ্যোগে সংকুল প্রধানদের এক গুরুত্বপূর্ণ বৈঠক যোরহাটের গড়মূরস্থিত শঙ্করদেব বিদ্যা নিকেতনে অনুষ্ঠিত হয়। শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং নিকেতনগুলির সার্বিক উন্নয়নকে কেন্দ্র করে আয়োজিত এই বৈঠকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত মোট ৭৬ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। মা সরস্বতীর প্রতিমার সম্মুখে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যা ভারতী পূর্বোত্তর ক্ষেত্রের সাংগঠনিক সম্পাদক ড. পবন তেওয়ারি, শিশু শিক্ষা সমিতি, অসমের সভাপতি কুলেন্দ্র কুমার ভগবতী, মহাসচিব জগন্নাথ রাজবংশী, সহ-সভাপতি অনিমা শর্মা ও ড. অলকানন্দা বরুয়া, জ্যেষ্ঠ কার্যকর্তা যোগেন্দ্র সিং চিচোড়িয়া, পূর্ণকালীন কার্যকর্তাবৃন্দ এবং বিভিন্ন সংকুলের প্রধানরা।

উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে ড. পবন তেওয়ারি সংকুল ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং আচার্য-আচার্যাদের ব্যক্তিত্ব বিকাশে সংকুল ব্যবস্থা একটি কার্যকর ভূমিকা পালন করে। পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়নে সম্মিলিত উদ্যোগের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

বৈঠকে মহাসচিব জগন্নাথ রাজবংশী বিদ্যা ভারতীর মৌলিক আদর্শ ও কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বিভিন্ন বিদ্যা নিকেতনে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের বর্তমান সংখ্যা এবং শিক্ষাবিস্তারের অগ্রগতি সম্পর্কেও তথ্য উপস্থাপন করেন। এছাড়া সংকুল কেন্দ্র নিকেতন ও সংশ্লিষ্ট অন্যান্য নিকেতনের শিক্ষাগত, প্রশাসনিক, পরিকাঠামোগত এবং আর্থিক উন্নয়ন সংক্রান্ত নানা বিষয় নিয়ে বিস্তৃত পর্যালোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

শিশু শিক্ষা সমিতি, অসমের উত্তর অসম প্রান্তের প্রচার বিভাগের সমন্বয়ক মুকুটেশ্বর গোস্বামী জানান, বৈঠকে সংগঠনের দশটি বিভাগের বিভাগীয় পরিদর্শকরা নিজ নিজ এলাকার গত এক বছরের কার্যক্রমের মূল্যায়ন প্রতিবেদন উপস্থাপন করেন। একই সঙ্গে আগামী দিনের কর্মসূচি ও উন্নয়নমূলক পরিকল্পনার রূপরেখাও তুলে ধরা হয়। শিক্ষা ব্যবস্থাকে আরও সুসংহত ও কার্যকর করে তোলার লক্ষ্যে অনুষ্ঠিত এই বৈঠক ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্ট মহলের অভিমত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *