বরাক তরঙ্গ, ৬ জুন : মহানগরী গুয়াহাটিতে ফের এক রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শহরের জু-রোড এলাকার তিনিআলি কৃপাসিন্ধু পথের ৩(এ) নম্বর বাসভবনের একটি পিজি (পেয়িং গেস্ট) আবাসন থেকে এক তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে।
মৃত তরুণীর নাম ঈশা পাল বলে জানা গেছে। তিনি ক্ষেত্রীর বাসিন্দা এবং গুয়াহাটির কমার্স কলেজের স্নাতক বর্ষের ছাত্রী ছিলেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, পিজির নিজ কক্ষেই তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে। তবে কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। তরুণীর মৃত্যুর নেপথ্যে আত্মহত্যা নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশের বিস্তারিত তদন্ত এবং ময়নাতদন্তের রিপোর্টের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে শোক ও উদ্বেগের পরিবেশ সৃষ্টি হয়েছে।



