নালুগাঁও মব লিঞ্চিংয়ে মৈতেই মণিপুরি সম্প্রদায়ের লোকজন জড়িত নয়, বিভ্রান্তিকর প্রচারের বিরুদ্ধে সরব বিভিন্ন সংগঠন

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ৬ জুন : শ্রীভূমি জেলার পাথারকান্দির নালুগাঁওয়ে সংঘটিত নৃশংস মব লিঞ্চিংয়ের ঘটনায় মৈতেই মণিপুরি সম্প্রদায়ের লোকজন জড়িত বলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে মণিপুরি সমাজের একাধিক সংগঠন। শনিবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনগুলির প্রতিনিধিরা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে স্পষ্ট করেন, এই ঘটনায় মণিপুরি সম্প্রদায়ের কোনও ব্যক্তি বা গোষ্ঠীর সংশ্লিষ্টতা নেই।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড মৈতেই কাউন্সিল সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান ড. কেএন চান্দ, মণিপুরী সাহিত্য পরিষদ শ্রীভূমি জেলা কমিটির এল বীরেন্দ্র সিংহ, এএমপিএএল-এর সভানেত্রী বেনী মিশ্র, ওয়ার্ল্ড মৈতেই কাউন্সিল শ্রীভূমি কমিটির সভাপতি বীর সিংহ এবং আমসুর কেন্দ্রীয় সহ-সভাপতি ছবি কুমার সিংহসহ অন্যান্য বিশিষ্ট প্রতিনিধিরা। তাঁরা বলেন, নালুগাঁওয়ের ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও নিন্দনীয়। তবে ঘটনার পর কিছু সামাজিক মাধ্যম এবং বিভিন্ন মহলে মৈতেই মণিপুরি (মেইথে) সম্প্রদায়ের নাম জড়িয়ে যে প্রচার চালানো হচ্ছে, তা সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর। সংগঠনগুলির দাবি, ঘটনাস্থল এবং তার আশপাশের এলাকাতেও মৈতেই মণিপুরি সম্প্রদায়ের বসবাস নেই।

প্রতিনিধিরা ঘটনার নিরপেক্ষ, স্বচ্ছ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে বলেন, প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। একইসঙ্গে তাঁরা উদ্বেগ প্রকাশ করে বলেন, ভিত্তিহীন অভিযোগের ফলে বৃহত্তর মৈতেই মণিপুরি সমাজ অযথা বিতর্ক ও অপপ্রচারের শিকার হচ্ছে।

সংগঠনগুলির পক্ষ থেকে আরও বলা হয়, কোনও সভ্য সমাজে আইন নিজের হাতে তুলে নেওয়া কিংবা এ ধরনের বর্বরোচিত সহিংসতার কোনও স্থান নেই। ভুক্তভোগী পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করা এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা প্রশাসনের দায়িত্ব। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে ওয়ার্ল্ড মেইথে কাউন্সিল সেন্ট্রাল কমিটির সহ-সভাপতি শুভাঙ্কর সিংহ, এএমপিএএল-এর সম্পাদক বিজয়া সিংহ, ননগিন এনজিও-র সভাপতি মুটুম গুনাহর, আমসুর উপদেষ্টা এল সত্যজিৎ এবং বিজন সিংহসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *