দেড় বছর বয়সেই বিরল কৃতিত্ব, ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডস ২০২৬ অ্যাচিভার’ খেতাব শিলচরের আর্নার

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৬ জুন : মাত্র ১ বছর ৬ মাস বয়সেই অসাধারণ স্মৃতিশক্তি ও শেখার ক্ষমতার পরিচয় দিয়ে ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডস ২০২৬ অ্যাচিভার’ খেতাব অর্জন করেছে শিলচরের লিংক রোড এলাকার কন্যাশিশু আর্না নাথ। আর্নার এই সাফল্যে পরিবার-পরিজন থেকে শুরু করে স্থানীয় মহলে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ১৭ অক্টোবর ২০২৪ সালে জন্মগ্রহণকারী আর্না নাথের অসাধারণ দক্ষতার ভিত্তিতে তাকে এই সম্মাননা প্রদান করা হয়। ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডস’-এর কর্তৃপক্ষের যাচাই-বাছাই অনুযায়ী, ২০২৪ সালের ৯ মে মাত্র দেড় বছর বয়সে আর্না পাঁচটি রং এবং পাঁচটি প্রাণী সঠিকভাবে শনাক্ত করতে সক্ষম হয়েছিল। রেকর্ড যাচাইয়ের সময় আরও দেখা যায়, আর্না চারটি প্রাণীর শব্দ অনুকরণ করতে পারে এবং ইংরেজি বর্ণমালার প্রতিটি অক্ষরের সঙ্গে সম্পর্কিত শব্দ সহজেই মনে রাখতে সক্ষম। এত অল্প বয়সে তার এই অসাধারণ শেখার ক্ষমতা সকলকে বিস্মিত করেছে।

আর্নার বাবা বিক্রম নাথ এবং মা সঙ্গীতা নাথ জানান, নিয়মিত কথোপকথন, ছবি-ভিত্তিক শিক্ষামূলক বই এবং খেলাধুলার মাধ্যমে শিশুটির মানসিক বিকাশে উৎসাহ দেওয়া হয়েছে। তাদের মতে, পরিবারের সদস্যদের নিরন্তর সহযোগিতা ও স্নেহও আর্নার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

বর্তমানে কর্মসূত্রে বিক্রম ও সঙ্গীতা নাথ বেঙ্গালুরুতে বসবাস করলেও তাদের পরিবারের সদস্যরা শিলচরেই রয়েছেন। আর্নার এই উল্লেখযোগ্য অর্জনে পরিবার যেমন গর্বিত, তেমনি স্থানীয় বাসিন্দারাও ভবিষ্যতে তার আরও সাফল্য কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *