বরাক তরঙ্গ, ৫ জুন : পরিবেশ সুরক্ষাকে জনআন্দোলনের রূপ দেওয়ার আহ্বান এবং প্রতিটি বাড়িতে পরিবেশ রক্ষার সংকল্প গ্রহণের বার্তা নিয়ে উধারবন্দে পালিত হল বিশ্ব পরিবেশ দিবস। শুক্রবার উধারবন্দ সার্কল অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দফতরের আধিকারিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি, এনডিআরএফ ও ডিডিআরএফ কর্মীসহ বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বছরে একদিন বৃক্ষরোপণ করলেই পরিবেশ রক্ষার দায়িত্ব শেষ হয় না। পরিবেশ সংরক্ষণকে দৈনন্দিন জীবনের অংশ করে তুলতে হবে। ক্রমবর্ধমান দূষণ ও পরিবেশ ধ্বংস নিয়ে উদ্বেগ প্রকাশ করে তাঁরা ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন।
উধারবন্দের সার্কল অফিসার প্রণবানন্দ দোয়ারা বলেন, “ধরিত্রী আমাদের জল, বায়ু ও জীবনের জন্য প্রয়োজনীয় সবকিছু দিয়েছে। তাই প্রকৃতির প্রতি আমাদেরও দায়বদ্ধতা রয়েছে।” তিনি পরিবেশ দূষণ রোধে ব্যক্তিগত উদ্যোগ গ্রহণ এবং ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের উধারবন্দ আঞ্চলিক সমিতির সভাপতি ভাস্কর দাস বলেন, সুস্থ পরিবেশ ছাড়া মানুষের সুস্থ জীবন সম্ভব নয়। পরিবেশ রক্ষার কাজ ঘর থেকেই শুরু করতে হবে। তিনি বৃক্ষরোপণের পাশাপাশি প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমানোর ওপর জোর দেন।

অনুষ্ঠানে কাঁচাকান্তি সেবা সমিতির সম্পাদক অংশুমান দত্ত পরিবেশ সংরক্ষণে মন্দির কর্তৃপক্ষের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। শিক্ষাবিদ ও সঙ্গীতশিল্পী শরদিন্দু ভট্টাচার্য শিশুদের মধ্যে অল্প বয়স থেকেই পরিবেশ সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।
এছাড়া এসডিএম অ্যান্ড এইচও ডা. অর্জুন প্রসাদ গোয়ালা, বিডিও সাধনা কাতারপি, ব্লক শিক্ষা আধিকারিক সতীশ কুমার কৈরি, এনডিআরএফের ইন্সপেক্টর আনন্দ বরুয়াসহ অন্যান্য বক্তারা পরিবেশ দূষণের বিভিন্ন কারণ তুলে ধরে তা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা বলেন। অনুষ্ঠান শেষে সার্কল অফিস প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।



