শিলচর স্পোর্টিংয়ের গ্রেনাইট জুবিলি বর্ষপূর্তির উদ্বোধনী অনুষ্ঠান ১৪ই

Spread the news

বরাক তরঙ্গ, ৫ জুন : নব্বই বছরে পা রাখলো বরাক উপত্যকার দ্বিতীয় প্রাচীনতম ক্রীড়া সংগঠন শিলচর স্পোর্টিং ক্লাব। এই নব্বই বছর পূর্তিকে উপলক্ষ করে গ্রেনাইট জুবিলি বর্ষ উদযাপন করতে চলেছে শিলচর স্পোর্টিং। এর উদ্বোধনী অনুষ্ঠান হবে আগামী ১৪ জুন রবিবার। বুধবার ক্লাব অফিসে আয়োজিত এগজিকিউটিভ কমিটির সদস্য ও আমন্ত্রিত কিছু সদস্যদের উপস্থিতিতে আয়োজিত সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

এদিন সভাপতি অনুপকুমার রায়ের পৌরহিত্যে আয়োজিত বৈঠকের শুরুতেই শিলচরের বিশিষ্ট ফুটবলার তানজিং রংমাই এর আকষ্মিক প্রয়াণে গভীর শোক ব্যক্ত করে তার আত্মার চিরশান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়। প্রয়াত ফুটবলারের প্রতিভার কথা তুলে ধরে ফুটবল জগতে তার অনবদ্য অবদানের কথা তুলে ধরে বক্তব্য রাখেন সহ-সভাপতি বাবুল হোড় । এরপর যথারীতি বিগত সভার প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক সিদ্ধার্থ খান। সভাপতি অনুপকুমার রায় জানান, ১৪ জুন উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে সকাল ৯-৩০টায়। অনুষ্ঠানে থাকছে মশাল দৌঁড়, রয়েছে বিশিষ্ট সামাজিক ও ক্রীড়া ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান। এছাড়াও রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে মহিলাদের প্রদর্শনী ফুটবল ম্যাচ এবং এই প্রদর্শনী ফুটবল ম্যাচের জন্য হাইলাকান্দি ও কাছাড়ের বিভিন্ন স্থান থেকে খেলোয়াড়েরা অংশগ্রহণ করবেন। সাধারণ সম্পাদক সিদ্ধার্থ খান জানান সারা বছর ধরে নানা অনুষ্ঠানের মাধ্যমে গ্রেনাইট জুবিলি বর্ষ উদযাপন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে আসাম সরকারের মন্ত্রী কৌশিক রায় সহ বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হবে। মুদ্দাকথা গ্রেনাইট জুবিলি বর্ষকে ঘিরে বাড়তি উৎসাহ পরিলক্ষিত হচ্ছে ক্লাবের কর্মকর্তাদের মধ্যে ।

এদিনের ইসি মিটিংয়ে সভাপতি অনুপকুমার রায়, সহ-সভাপতি বাবুল হোড়, সাধারণ সম্পাদক সিদ্ধার্থ খান ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্মল দাস, চিত্তবিনোদ দেব, অরিন্দম হোড়, শঙ্কর সরকার, অনিমেষ চন্দ, কমলেশ দাশ, জয়দীপ কর, সুদীপ রায় চৌধুরী, অভিজিৎ ধর, অরিজিৎ দাস, রঞ্জু চন্দ, অভ্রদীপ দে, রতন পাল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *