ভাঙনের মুখে ডেঙ্গারবন্দ-আসাইঘাট গ্রামীণ সড়ক, চরম দুর্ভোগে এলাকাবাসী

Spread the news

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৫ জুন : বর্ষা শুরু হতেই ফের  কবলে পড়েছে পাথারকান্দি বিধানসভা এলাকার লোয়াইরপোয়া ব্লকের সলগই গ্রাম পঞ্চায়েতের ৯ নম্বর ওয়ার্ডের গুরুত্বপূর্ণ ডেঙ্গারবন্দ-আসাইঘাট গ্রামীণ সড়ক। ইতিমধ্যে সড়কের একাধিক স্থানে বড় ধরনের ফাটল দেখা দেওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এলাকাবাসীর আশঙ্কা, যেকোনো সময় রাস্তার একটি বড় অংশ পাশ দিয়ে প্রবাহিত হাতাইছড়া নদীতে বিলীন হয়ে যেতে পারে।

জানা গেছে, সলগই বাজার সংলগ্ন জাতীয় সড়কের সেতুর পাশ দিয়ে বয়ে যাওয়া হাতাইছড়া নদীর জলস্তর ক্রমশ বৃদ্ধি পাওয়ায় প্রায় ৩০০ মিটার এলাকাজুড়ে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। বিভিন্ন স্থানে গভীর ফাটল সৃষ্টি হয়েছে এবং রাস্তার একটি বড় অংশ ধসে পড়ার মুখে রয়েছে। ডেঙ্গারবন্দ, আসাইঘাট, সলগই-সহ পার্শ্ববর্তী একাধিক গ্রামের মানুষের প্রধান যোগাযোগের মাধ্যম এই সড়ক। প্রতিদিন শত শত সাধারণ মানুষ, স্কুল-কলেজের ছাত্রছাত্রী, চাকরিজীবী, ব্যবসায়ী ও কৃষক এই পথ ব্যবহার করে যাতায়াত করেন। বর্তমানে ভাঙনের কারণে চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী ও প্রবীণদের দুর্ভোগ বেড়েছে।

এলাকাবাসীর অভিযোগ, গত বছরও একই স্থানে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছিল। তখন স্থানীয়দের উদ্যোগে অস্থায়ী সংস্কার কাজ করা হলেও স্থায়ী সমাধানের ব্যবস্থা না হওয়ায় সেই সংস্কার বেশিদিন টেকেনি। ফলে চলতি বর্ষায় পুনরায় ভাঙন শুরু হয়েছে এবং পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে।

স্থানীয়দের মতে, শুধু রাস্তা মেরামত করলেই সমস্যার সমাধান হবে না। ডেঙ্গারবন্দ-আসাইঘাট সড়ককে দীর্ঘমেয়াদে রক্ষা করতে হলে হাতাইছড়া নদীর তীর বরাবর শক্তিশালী প্রতিরক্ষা বাঁধ বা গার্ডওয়াল নির্মাণ জরুরি। অন্যথায় প্রতিবছর বর্ষায় একই সমস্যার পুনরাবৃত্তি ঘটবে এবং ভবিষ্যতে পুরো সড়ক নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

বর্তমান পরিস্থিতিতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হওয়ার পাশাপাশি হাজার হাজার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হতে পারে।
এই অবস্থায় এলাকাবাসী জেলা প্রশাসক (ডিসি), সার্কেল অফিসার (সিও) এবং পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল-এর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাঁদের দাবি, দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে ভাঙনরোধে স্থায়ী প্রকল্প গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত সড়কের জরুরি ভিত্তিতে সংস্কার করা হোক।

স্থানীয়দের আশা, বর্ষার প্রকোপ আরও বাড়ার আগেই কার্যকর পদক্ষেপ নেওয়া হলে বহু মানুষের দুর্ভোগ লাঘব হবে এবং গুরুত্বপূর্ণ ডেঙ্গারবন্দ-আসাইঘাট সড়কটি রক্ষা পাবে। এখন প্রশাসন ও জনপ্রতিনিধিরা কত দ্রুত এই সমস্যার সমাধানে উদ্যোগী হন, সেদিকেই তাকিয়ে রয়েছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *