বিশ্বকাপে নজরে কোন তারকা-পুত্ররা

Spread the news

৪ জুন : বিশ্বকাপ যত এগিয়ে আসছে, তত চর্চা চলছে তারকা ফুটবলারদের নিয়ে। উত্তেজনার পারদ চড়ছে ফুটবলপ্রেমীদের মধ্যে। তবে এ বার নজরে রয়েছেন কয়েকজন তরুণ ফুটবলার। একটা সময়ে বিশ্বমঞ্চে দাপট দেখিয়েছিলেন যে ফুটবলাররা, তাঁদের ছেলেদের সামনে এ বার চ্যালেঞ্জ উত্তরাধিকার বহনের। হাল্যান্ড থেকে জ়িদান, ফোকাসে থাকবেন কোন কোন তরুণ তুর্কি? দেখে নিন।

খুব কম ফুটবলারই আছেন, যারা নিজেদের বাবার সাফল্যকেও ছাপিয়ে গিয়েছেন। ১৯৯৪ সালের বিশ্বকাপে আলফি হাল্যান্ড খেলেছিলেন নরওয়ের হয়ে। ৩২ বছর পরে বিশ্বকাপে জ্বলে ওঠার জন্য নরওয়ের ভরসা আর্লিং হাল্যান্ড। বর্তমানে বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার হিসেবে গণ্য করা হয় তাঁকে। ম্যান সিটির হয়ে ইতিমধ্যেই নজর কেড়েছেন তিনি। দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে ফিরেছে নরওয়ে। এ বার হাল্যান্ডের সামনে সুযোগ এই মঞ্চে নিজের নাম উজ্জ্বল করার।

পর্তুগালের উইঙ্গার ফ্রান্সিসকো কনসেইসাও ইতিমধ্যেই বড় মঞ্চে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। ২০২৪ সালের ইউরো কাপে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে পর্তুগালের প্রথম ম্যাচে জয়সূচক গোল করেছিলেন এই তরুণ উইঙ্গার। এছাড়া উয়েফা নেশন্স লিগের সেমি ফাইনালেও জার্মানির বিরুদ্ধে গোল পেয়েছেন। তাঁর বাবা সের্জিও কনসেইসাও ২০০২ সালের বিশ্বকাপে পর্তুগালের হয়ে খেলেছিলেন। এ বার বিশ্বকাপে নজর থাকবে ফ্রান্সিসকোর দিকে।

এই তালিকায় সম্ভবত সবচেয়ে বিখ্যাত পদবি জ়িদান। লুকা হলেন কিংবদন্তি ফুটবলার জ়িনেদিন জ়িদানের ছেলে। জ়িনেদিনের হাত ধরেই ১৯৯৮ সালে বিশ্বকাপ জিতেছিল ফ্রান্স। তবে ফ্রান্স নয়, আন্তর্জাতিক মঞ্চে আলজিরিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন লুকা। জ়িনেদিন জ়িদান গোল করতেন। তবে লুকার লক্ষ্য গোল বাঁচানো। এই তারকা ফুটবলারকে সামনে রেখেই বিশ্বকাপে নজর কাড়ার লক্ষ্যে নামছে আলজিরিয়া।

আর্জেন্তিনার প্রাক্তন ফুটবলার ও আতলেতিকো মাদ্রিদের বর্তমান কোচ দিয়েগো সিমিওনের ছেলে গিউলিয়ানো এ বার বিশ্বমঞ্চে নিজের পরিচয় তৈরি করছেন। দিয়েগো তিনটি বিশ্বকাপে আর্জেন্তিনার হয়ে খেলেছিলেন। বর্তমানে ২২ বছর বয়সি গিউলিয়ানো বাবার কোচিংয়েই খেলেন আতলেতিকোতে। এ বার মেসিদের দলের অন্যতম অস্ত্র হয়ে উঠতে পারেন এই তরুণ মিডফিল্ডার।

ডাচ ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা স্ট্রাইকার হিসেবে গণ্য করা হয় প্যাট্রিক ক্লুইভার্টকে। ১৯৯৮ সালের বিশ্বকাপে নেদারল্যান্ডসকে সেমি ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। তাঁর ছেলে জাস্টিন। এই মরশুমে প্রিমিয়ার লিগে বোর্নমাউথের হয়ে দারুণ খেলে জাতীয় দলে জায়গা পেয়েছেন জাস্টিন। এ বার বিশ্বকাপে নিজের দক্ষতার প্রমাণ দেওয়ার অপেক্ষায় এই অ্যাটাকিং মিডফিল্ডার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *