শুভ দাস, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৪ জুন : পরিবেশ সংরক্ষণ ও পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্যের গুরুত্বকে সৃজনশীলভাবে তুলে ধরে সকলের প্রশংসা কুড়িয়েছে শ্রীভূমির মহর্ষি বিদ্যামন্দিরের সপ্তম শ্রেণির ছাত্র ফারহান আহমদ চৌধুরী। “Reliance of the Earth” শীর্ষক একটি আকর্ষণীয় ও নান্দনিক প্রজেক্ট তৈরি করে সে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও সহপাঠীদের মুগ্ধ করেছে।
ফারহানের তৈরি প্রজেক্টে পৃথিবীর অস্তিত্ব, প্রকৃতির উপর মানুষের নির্ভরশীলতা এবং পরিবেশ রক্ষার অপরিহার্যতা অত্যন্ত সুন্দর ও তথ্যসমৃদ্ধভাবে উপস্থাপন করা হয়েছে। প্রজেক্টটির অভিনব নকশা, সৃজনশীল উপস্থাপনা এবং বিষয়বস্তুর গভীরতা সকলের নজর কেড়েছে।
অল্প বয়সেই ফারহান তার মেধা, কল্পনাশক্তি ও কঠোর পরিশ্রমের সমন্বয়ে যে দক্ষতার পরিচয় দিয়েছে, তা ভবিষ্যতের সম্ভাবনাময় প্রতিভার ইঙ্গিত বহন করে। শিক্ষকরাও তার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন এবং পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে এমন সৃজনশীল প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেছেন।
ফারহানের এই সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং অন্যান্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি তার এই ব্যতিক্রমী কাজ ভবিষ্যতে আরও বড় সাফল্যের পথে এগিয়ে যেতে উৎসাহ জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



