৪ জুন : মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মধ্যে ইরান ও কুয়েতের মধ্যকার কূটনৈতিক সম্পর্কে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। কুয়েতে নিযুক্ত ইরানের কূটনৈতিক মিশনের দুই সদস্যকে ‘পারসোনা নন গ্রাটা’ বা ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে কুয়েত সরকার।
কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, ইরানের অনবরত এবং চরম আগ্রাসী আচরণের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে কুয়েতে নিযুক্ত ইরানি চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করা হয়। এরপরই এক বিবৃতিতে দুই ইরানি কূটনীতিককে অবিলম্বে বহিষ্কারের এই ঘোষণা দেওয়া হয়।
বিবৃতিতে কুয়েত সরকার স্পষ্ট করে জানিয়েছে, অবাঞ্ছিত ঘোষিত দুই ইরানি কূটনীতিককে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কুয়েতের ভূখণ্ড ত্যাগ করতে হবে।
তবে কোন সুনির্দিষ্ট আগ্রাসনের কারণে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিস্তারিত কিছু জানায়নি। এই ঘটনার পর দুই দেশের মধ্যে নতুন করে ভূ-রাজনৈতিক উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।



