বরাক তরঙ্গ, ৩ জুন : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে গুয়াহাটিতে পৌঁছান। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী তাঁর সরাসরি শিলং যাওয়ার কথা থাকলেও প্রতিকূল আবহাওয়ার কারণে সেই কর্মসূচিতে পরিবর্তন আনা হয়। ফলে রাতটি তিনি গুয়াহাটির রেডিসন ব্লু হোটেলে কাটাবেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার তিনি মেঘালয়ের রাজধানী শিলংয়ে রওনা হবেন এবং সেখানে অনুষ্ঠিতব্য উত্তর-পূর্ব পরিষদের (এনইসি) ৭৩তম পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেবেন। এই গুরুত্বপূর্ণ বৈঠকে উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন, অবকাঠামো, পর্যটন এবং বিভিন্ন খাতের অগ্রগতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
পরদিন ৫ জুন ত্রিপুরা পৌঁছবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সফরকালে তিনি রাজ্যের আন্তর্জাতিক সীমান্ত এলাকায় চলমান বিভিন্ন প্রকল্প পর্যালোচনা করবেন এবং আগরতলার পুরাতন রাজভবন অর্থাৎ পুষ্পবন্ত প্যালেসে প্রস্তাবিত পাঁচতারা হোটেল প্রকল্পের ভূমিপূজন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
এদিকে, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা জানান, উত্তর-পূর্বাঞ্চলের পর্যটন উন্নয়ন বিষয়ক উচ্চপর্যায়ের টাস্কফোর্সের চেয়ারম্যান হিসেবে তিনি অধিবেশনে একটি বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে গঠিত বিভিন্ন টাস্কফোর্সও উত্তর-পূর্বাঞ্চলের সামগ্রিক উন্নয়নের রূপরেখা তুলে ধরবে।
কনরাড সাংমা বলেন, উত্তর-পূর্ব ভারতের পর্যটন খাতের সম্ভাবনা, শক্তি ও দুর্বলতা বিশ্লেষণের পাশাপাশি অঞ্চলটিকে আন্তর্জাতিক ও দেশীয় পর্যটনের অন্যতম আকর্ষণীয় গন্তব্য হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় সুপারিশও তুলে ধরা হবে। তাঁর মতে, উত্তর-পূর্বাঞ্চল সমগ্র ভারতবর্ষের পর্যটন শিল্পে এক বিশাল সম্ভাবনাময় বাজার হিসেবে আত্মপ্রকাশ করতে পারে।
এনইসির এই অধিবেশনকে কেন্দ্র করে উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন ও পর্যটন সম্প্রসারণের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হওয়ার সম্ভাবনা রয়েছে।



