মাঠে খেলোয়াড়ের মৃত্যু, একাধিক যুবকের বিরুদ্ধে মামলা পরিবারের

Spread the news

বরাক তরঙ্গ, ৩ জুন : ফুটবল খেলার সময় রহস্যজনক ভাবে মৃত্যু ঘটল এক খেলোয়াড়ের। পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ এনে কয়েকজন খেলোয়াড়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি সোনাইয়ের ভাউরিকান্দি দ্বিতীয় খণ্ডের। সোমবার বিকেলে ফুটবল খেলার সময় আমির হোসেন লস্কর (৪৫) নামে এক খেলোয়াড়ের মৃত্যু হয়। খেলার সময় তিনি অসুস্থ হয়ে পড়লে ঘটনাস্থলেই মারা যান বলে জানা গেছে।

এ দিকে, প্রত্যক্ষদর্শীদের দাবি, অসুস্থ হয়ে পড়ার পরই মাঠে তাঁর মৃত্যু হয়। তবে মৃতের পরিবারের অভিযোগ, ঘটনাটি স্বাভাবিক নয়। তাঁদের দাবি, কয়েকজন যুবক পরিকল্পিতভাবে আমির হোসেনকে মাঠে নিয়ে গিয়ে তাঁর উপর হামলা চালায় এবং মাথায় লাথি মেরে গুরুতরভাবে আহত করে। এর ফলেই তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন। এ ঘটনায় কচুদরম পুলিশ ফাঁড়িতে একাধিক যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অন্যদিকে স্থানীয় সূত্রের একাংশের বক্তব্য, খেলার সময় বলের আঘাত লাগার পর আমির হোসেন অসুস্থ হয়ে পড়েন এবং এ ঘটনায় কোনও ইচ্ছাকৃত হামলার বিষয় জড়িত নেই। ফলে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এলাকায় বিভিন্ন জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠালে মঙ্গলবার ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *