বরাক তরঙ্গ, ৩ জুন : অসম-মিজোরাম সীমান্তবর্তী লায়লাপুর পুলিশ পেট্রোল আউট পোস্টে চেকিং চলাকালীন বিপুল পরিমাণ অবৈধ মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ। নিয়মিত তল্লাশি অভিযানের অংশ হিসেবে একটি ট্রাক আটক করে তল্লাশি চালিয়ে এই সাফল্য অর্জন করা হয়। জানা গেছে, মেঘালয় থেকে মদ বোঝাই করে মিজোরামের দিকে যাওয়ার পথে AS 01RC 2950 নম্বরের একটি ট্রাক লায়লাপুর পুলিশ পেট্রোল আউট পোস্টের চেকিং পয়েন্টে থামানো হয়। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ১৫০ কার্টন রয়্যাল স্ট্যাগ ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মদ বাজেয়াপ্ত করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। এই ঘটনায় ট্রাকচালক আনোয়ার হোসেন লস্কর (২৮)-কে আটক করা হয়েছে।
জানা গেছে, অভিযুক্তের বাড়ি সোনাই এলাকায়। পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করে মদ পাচার চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছে। লায়লাপুর পুলিশ পেট্রোল আউট পোস্টের ইনচার্জ শুভজিৎ দত্তের নেতৃত্বে পরিচালিত এই অভিযানকে অবৈধ মদ পাচারের বিরুদ্ধে একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে মনে করা হচ্ছে।



