৫ জুন ত্রিপুরায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, করবেন পাঁচতারা হোটেল প্রকল্পের ভূমিপূজন

Spread the news

বরাক তরঙ্গ, ২ জুন : আগামী ৫ জুন ত্রিপুরা সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সফরকালে তিনি রাজ্যের আন্তর্জাতিক সীমান্ত এলাকায় চলমান বিভিন্ন প্রকল্প পর্যালোচনা করবেন এবং আগরতলার পুরাতন রাজভবন অর্থাৎ পুষ্পবন্ত প্যালেসে প্রস্তাবিত পাঁচতারা হোটেল প্রকল্পের ভূমিপূজন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এ কথা জানান। তিনি বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরে সীমান্ত নিরাপত্তা ও পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে। বিশেষ করে ত্রিপুরা, আসাম এবং পশ্চিমবঙ্গে স্মার্ট বর্ডার ফেন্সিং প্রকল্প বাস্তবায়ন নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
মুখ্যমন্ত্রী জানান, অমিত শাহ পশ্চিম ত্রিপুরা ও সিপাহিজলা জেলার সীমান্তবর্তী এলাকাও পরিদর্শন করতে পারেন। তবে তাঁর চূড়ান্ত সফরসূচি এখনও নির্ধারিত হয়নি। সফরকালে তিনি লঙ্কামুড়া সীমান্ত এলাকা পরিদর্শন সহ ও বিএসএফের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করতে পারেন বলে খবর।

এদিকে, ৪ জুন মেঘালয়ে অনুষ্ঠিতব্য ২৩তম প্লেনারি অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি জানান, এর আগের প্লেনারি অধিবেশনের আয়োজন করেছিল ত্রিপুরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *