বরাক তরঙ্গ, ২ জুন : যোরহাট জেলার চোলাধরা চারিআলি এলাকায় পুলিশের অভিযানে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার হয়েছে। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে দুই কথিত মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তরা ১৭টি সাবানের কেসে করে বিপুল পরিমাণ হেরোইন পাচারের চেষ্টা করছিল। উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। গ্রেপ্তার হওয়া দুই অভিযুক্তের মধ্যে একজন দেরগাঁওয়ের নাহরণি মাজগাঁও এলাকার বাসিন্দা নাজিম আহমদ। অপর অভিযুক্ত শামিম আখতারকেও আটক করেছে পুলিশ।
অভিযানের সময় পাচারকারীদের ব্যবহৃত AS-05N-0929 নম্বরের একটি পালসার বাইক বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত আরও ব্যক্তিদের খোঁজে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।



