বরাক তরঙ্গ, ১ জুন : শিলচর-আইজল জাতীয় সড়ক থেকে সংযুক্ত ভাগা বাজারের রাজঘাট এলাকার গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ সঞ্জয় রোড বর্তমানে বেহাল অবস্থার কারণে এলাকাবাসীর উদ্বেগের কারণ হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তাটি এতটাই সংকীর্ণ যে একটি অটো ও বাইক নিরাপদে পাশাপাশি চলাচল বা ক্রসিং করাও অনেক সময় কঠিন হয়ে পড়ে। এর পাশাপাশি সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্ত, ভাঙাচোরা অংশ এবং রাস্তার মাঝখানে অবস্থিত পানিসাগর খালের ওপর নির্মিত ছোট ব্রিজটির ক্ষতিগ্রস্ত অবস্থা দুর্ঘটনার আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছে।
যদিও কিছু অংশে ব্লক বসানোর কাজ করা হয়েছিল, তবে বর্তমানে অনেক জায়গায় সেই ব্লক উঠে গিয়ে ছড়িয়ে-ছিটিয়ে পড়েছে। ফলে যানবাহন চলাচলে প্রতিনিয়ত সমস্যার সৃষ্টি হচ্ছে। প্রতিদিন এই পথ ব্যবহার করেন স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ শতাধিক সাধারণ মানুষ, যারা বাধ্য হয়ে ঝুঁকি নিয়েই যাতায়াত করছেন।
এদিকে, প্রশাসনিক উদ্যোগের অভাবে এলাকার একদল সচেতন যুবক মানবিক দায়িত্ববোধ থেকে এগিয়ে এসেছেন। কেউ আর্থিক সহায়তা দিয়ে, আবার কেউ স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তা মেরামতের কাজে অংশ নিচ্ছেন। রাস্তার গর্তে মাটি ভরাট, ইটের খোয়া বিছানো এবং ক্ষতিগ্রস্ত ব্রিজের দুই পাশে বাঁশ দিয়ে অস্থায়ী সুরক্ষা ব্যবস্থা তৈরির মতো কাজ তারা নিজ উদ্যোগে সম্পন্ন করছেন।
স্থানীয় বাসিন্দা ও যুবসমাজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সঞ্জয় রোডের স্থায়ী সংস্কার এবং পানিসাগর খালের ওপর ক্ষতিগ্রস্ত ব্রিজটির মেরামতের দাবি জানিয়েছেন।



