বরাকে হাইকোর্ট বেঞ্চের দাবিতে ইয়াসির ‘পোস্টকার্ড অভিযান’ ১ জুলাই থেকে

Spread the news

বরাক তরঙ্গ, ৩১ মে : বরাক উপত্যকায় স্থায়ী হাইকোর্ট বেঞ্চ প্রতিষ্ঠার দাবিকে জোরদার করতে আগামী ১ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত ‘পোস্টকার্ড অভিযান’ কর্মসূচি গ্রহণ করেছে সামাজিক সংগঠন ‘ইয়োথস এগেইনস্ট সোসিয়াল ইভিলস’ (ইয়াসি)। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সময়কালে হাজার হাজার হাতে লেখা পোস্টকার্ড ভারতের রাষ্ট্রপতি এবং অসমের রাজ্যপালের উদ্দেশ্যে প্রেরণ করা হবে।

ইয়াসির মতে, বরাক উপত্যকার তিন জেলা এবং ডিমা হাসাও জেলার সাধারণ মানুষের দীর্ঘদিনের ন্যায্য দাবি হল একটি স্থায়ী হাইকোর্ট বেঞ্চ প্রতিষ্ঠা। এই দাবির বাস্তবায়ন বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ প্রয়োজন বলে সংগঠনটি মনে করে। চলমান হাইকোর্ট বেঞ্চ ডিমান্ড ইমপ্লিমেন্টেশন কমিটির আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে গণসমর্থনের বার্তা পৌঁছে দিতেই এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

পোস্টকার্ড অভিযান সফলভাবে পরিচালনার লক্ষ্যে ইয়াসি কেন্দ্রীয় কমিটি সাতজন আহ্বায়ককে দায়িত্ব প্রদান করেছে। তাঁরা হলেন শিবু চন্দ্র দাস (বড়খলা), মান্না কর্মকার (উধারবন্দ), সাহিন আখতার মজুমদার (শিলচর), অনুপ রায় (ধলাই), জয় নারায়ণ সিং (লক্ষীপুর), বাবুল আহমদ (সোনাই) এবং সামসুল ইসলাম (কাটিগড়া)। ইয়াসির পক্ষ থেকে জানানো হয়েছে, বিপুল সংখ্যক পোস্টকার্ড প্রেরণের মাধ্যমে বরাকবাসীর গণআকাঙ্ক্ষা তুলে ধরা হবে এবং দ্রুত হাইকোর্ট বেঞ্চ স্থাপনের দাবিকে আরও জোরালো করা হবে।

এদিকে, ইয়াসি কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জীব রায়, সাধারণ সম্পাদক (প্রশাসন) আহাদ লস্কর এবং সাধারণ সম্পাদক (সংগঠন) প্রণয় নাগ বরাক উপত্যকার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও গণসংগঠনের প্রতি এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। তাঁরা হাইকোর্ট বেঞ্চ ডিমান্ড ইমপ্লিমেন্টেশন কমিটির সঙ্গে ঐক্যবদ্ধভাবে গণআন্দোলনকে আরও শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *