রবিবার এসএস কলেজে সনাক্তকরণ শিবির
বরাক তরঙ্গ, ৩০ মে : দিব্যাঙ্গ মানুষের সেবা করা মানেই ঈশ্বরের সেবা—এই বার্তাই তুলে ধরলেন হাইলাকান্দির বিধায়ক ড. মিলন দাস। শনিবার হাইলাকান্দি ইটিসি-তে ভারত সরকারের সামাজিক ন্যায় ও অধিকার মন্ত্রকের অধীন গুয়াহাটিস্থ কম্পোজিট রিজিওনাল সেন্টার (সিআরসি)-এর উদ্যোগে এবং সর্বভারতীয় দিব্যাঙ্গজন সহায়ক সামাজিক সংগঠন ‘সক্ষম’-এর সহযোগিতায় দিব্যাঙ্গদের অধিকার, সুযোগ-সুবিধা ও পুনর্বাসন নিয়ে এক সচেতনতামূলক সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলার শতাধিক অঙ্গনওয়াড়ি কর্মী অংশগ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিধায়ক ড. মিলন দাস অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রতি আহ্বান জানান, যাতে তাঁরা সরকারের দিব্যাঙ্গ কল্যাণমূলক প্রকল্পগুলির তথ্য তৃণমূল স্তরে পৌঁছে দেন। একইসঙ্গে তিনি অঙ্গনওয়াড়ি কর্মীদের সম্মানিক বৃদ্ধির দাবিও বিধানসভায় উত্থাপন করবেন বলে আশ্বাস দেন। দিব্যাঙ্গদের কল্যাণে নিরলসভাবে কাজ করে চলা ‘সক্ষম’-এর ভূয়সী প্রশংসাও করেন তিনি। অনুষ্ঠানে বিভাগীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে বিধায়ককে সংবর্ধনা জানানো হয়।

সভায় স্বাগত ভাষণ দেন সিআরসি-র বিভাগীয় সঞ্চালক ড. লানু ওয়ানবয় আইমুল। তিনি জানান, দিব্যাঙ্গদের সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সরকারি পরিষেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতেই তাঁদের এই উদ্যোগ। তিনি সিআরসি-র কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরে বলেন, গুয়াহাটির ভাঙ্গাগড়ে অবস্থিত এই কেন্দ্রটি উত্তর-পূর্ব ভারতের প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, চিকিৎসা, প্রশিক্ষণ, পুনর্বাসন ও ক্ষমতায়নের লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।

সভার অন্যতম বক্তা ও সক্ষম-এর রিসোর্স পার্সন ড. মিঠুন রায় দিব্যাঙ্গদের সমস্যা, সম্ভাবনা এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে তাঁদের স্বনির্ভর করে তোলার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, কেবল সরকারি সহায়তাই নয়, উপযুক্ত প্রশিক্ষণ ও সামাজিক সহযোগিতার মাধ্যমে দিব্যাঙ্গ ব্যক্তিদের সমাজের মূল স্রোতে নিয়ে আসা সম্ভব।
এছাড়াও সক্ষম-এর প্রাক্তন জেলা সভাপতি শঙ্কর চৌধুরী হাইলাকান্দিতে একটি স্থায়ী দিব্যাঙ্গ সেবা কেন্দ্র স্থাপনের দাবি জানান। দিনব্যাপী কর্মসূচিতে গুয়াহাটি থেকে আগত রিসোর্স পার্সন রাজকমল পাণ্ডে ও দীপক আইচ দিব্যাঙ্গ কল্যাণ সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সচেতনতামূলক আলোচনা পরিচালনা করেন। তাঁদের সহযোগিতা করেন বিনোদন দাস, গোবিন্দ চন্দ্র নাথসহ অন্যান্য সদস্যরা।

এদিকে, রবিবার হাইলাকান্দির এসএস কলেজে সিআরসি-র উদ্যোগে এক বৃহৎ দিব্যাঙ্গ সনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হবে। জেলার সকল দিব্যাঙ্গ ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্যদের শিবিরে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।



