সংবাদকর্মীর ওপর হামলার প্রতিবাদে প্রেস ক্লাবে জরুরি সভা, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৩০ মে : সংবাদকর্মী রাজু দাসের ওপর সংঘটিত নৃশংস হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে শনিবার শিলচর প্রেস ক্লাবে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সাংবাদিক ও সংবাদমাধ্যমের প্রতিনিধিরা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শংকর দে-র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অংশ নেন সাংবাদিক চয়ন ভট্টাচার্য, মকসুদুল চৌধুরী, বরাক বাণী পত্রিকার সম্পাদক নিখিল দাস, অরূপ নন্দী, অজিত দাস, রাজীব শুক্লা, চিত্র সাংবাদিক বিশ্বজিৎ আচার্য, সুব্রত দাসসহ বিশিষ্ট সংবাদকর্মীরা।

সভায় বক্তব্য রাখতে গিয়ে শঙ্কর দে বলেন, সাংবাদিক রাজু দাসের ওপর প্রাণঘাতী হামলা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। তিনি ঘটনার সঙ্গে জড়িত সকলকে অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

সাংবাদিক চয়ন ভট্টাচার্য বলেন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের নানা ঝুঁকির মুখে পড়তে হয়। তবে কোনও সংবাদমাধ্যমের কার্যালয়ে ঢুকে এ ধরনের হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তিনি ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

মকসুদুল চৌধুরী বলেন, সাংবাদিকদের ওপর হামলা একটি গণতান্ত্রিক সমাজের জন্য অশনি সংকেত। তিনি অভিযোগ করেন, পুলিশ ইতিমধ্যে একজন অভিযুক্তকে গ্রেপ্তার করলেও বাকিদের এখনও আটক করতে পারেনি। তাই অবিলম্বে সকল জড়িত ব্যক্তিকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

সভায় বরাক বাণী পত্রিকার সম্পাদক নিখিল দাস ঘটনার পটভূমি তুলে ধরে বলেন, সাংবাদিক রাজু দাস দীর্ঘদিন ধরে আইপিএলকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া জুয়া চক্র এবং সমাজে চলা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ধারাবাহিক সংবাদ প্রকাশ করে আসছিলেন। তাঁর মতে, এ কারণেই রাজু দাসকে পরিকল্পিতভাবে টার্গেট করা হয়ে থাকতে পারে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত ও শাস্তির আওতায় আনার দাবি জানান।

আহত রাজু দাস।

জরুরি সভায় উপস্থিত সকলেই একযোগে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের কাছে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। সভা শেষে শংকর দে জানান, খুব শীঘ্রই কাছাড় জেলার এসএসপির কাছে একটি স্মারকলিপি প্রদান করা হবে, যাতে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *