বরাক তরঙ্গ, ৩০ মে : শিলচরের দৈনিক বরাক বাণী নিউজ-এর কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং কর্তব্যরত সংবাদকর্মী রাজু দাসকে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ধলাই প্রেস ক্লাব। এ ঘটনার প্রতিবাদে ভাগাবাজার জিপি কমিউনিটি হলে এক প্রতিবাদী সভার আয়োজন করা হয়।
শুক্রবার আয়োজিত সভায় ধলাই প্রেস ক্লাবের সভাপতি আমির হোসেন লস্কর বলেন, একটি সংবাদ সংস্থার কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর চালানো এবং দায়িত্ব পালনরত সংবাদকর্মীর ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। তিনি বলেন, এ ধরনের ঘটনা সংবাদকর্মীদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দেয়। যদিও অভিযুক্ত যুবককে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে, তবুও ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য দোষীদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।
ধলাই প্রেস ক্লাবের সম্পাদক বিবেকানন্দ দাস বলেন, সংবাদকর্মীর কর্মস্থলে ঢুকে হামলার ঘটনা শুধু নিন্দনীয়ই নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তার জন্যও হুমকিস্বরূপ। তিনি উল্লেখ করেন, শহর ও গ্রামাঞ্চলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে অনেক সময় সংবাদকর্মীরা বিভিন্ন অসাধু ও স্বার্থান্বেষী চক্রের রোষানলে পড়েন। এ বিষয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন তিনি।
একই সঙ্গে সংবাদকর্মীদের জন্য পেনশন ব্যবস্থা ও জীবনবিমা চালুর বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন বিবেকানন্দ দাস। প্রতিবাদী সভায় উপস্থিত ছিলেন দিলোয়ার হোসেন বড়ভূইয়া, সাইদুর রহমান মজুমদার, আজমির হোসেন লস্কর, জিয়াউল ইসলাম লস্করসহ ধলাই প্রেস ক্লাবের অন্যান্য



