বরাক তরঙ্গ, ৩০ মে: কৃপাময় রায় স্মৃতি বার্ষিক টেবিল টেনিস প্রতিযোগিতার মধ্য দিয়ে শুক্রবার বিকেলে শিলচর জেলা ক্রীড়া সংস্থার (ডিএসএ) নবনির্মিত টেবিল টেনিস ও সাংস্কৃতিক অ্যাকাডেমি ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়। সংস্থার সভাপতি শিবব্রত দত্ত ফিতা কেটে ভবনের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি অজয় চক্রবর্তী, নন্দদুলাল রায়সহ সংস্থার অন্যান্য কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা। তবে উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে ডিএসএ-র অন্দরে এক ব্যতিক্রমী পরিস্থিতিরও সৃষ্টি হয়।
উপস্থিত সদস্যদের একাংশের মতে, সংস্থার ইতিহাসে এই প্রথম কোনও গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের মঞ্চে চিফ এক্সিকিউটিভের স্থান হয়নি। নির্বাচিত সচিব অতনু ভট্টাচার্য বর্তমানে দায়িত্বে না থাকলেও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সচিব দেবাশিস সোম, সহ-সচিব (মেজর) অরিজিত গুপ্ত এবং সহ-সচিব (আদার্স) অজয়কুমার রায়। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে সহ-সচিব (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি ভারপ্রাপ্ত সচিবের দায়িত্বও সামলাচ্ছেন দেবাশিস সোম।
মঞ্চে স্থান না পেলেও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভবন নির্মাণের অন্যতম পৃষ্ঠপোষক সমীরণ ভট্টাচার্য এবং কৃপাময় রায় স্মৃতি টেবিল টেনিস প্রতিযোগিতার স্পনসর পরিবারের প্রতিনিধি কৃষাণু রায়সহ অন্যান্য অতিথিরা। প্রদীপ প্রজ্বলন ও গণেশ বন্দনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বক্তব্য রাখেন সভাপতি শিবব্রত দত্ত, সহ-সভাপতি নন্দদুলাল রায় এবং অজয় চক্রবর্তী।
সভাপতি শিবব্রত দত্ত তাঁর বক্তব্যে বলেন, শিলচরে বহু প্রতিভাবান টেবিল টেনিস খেলোয়াড় রয়েছেন। তাঁদের উন্নত প্রশিক্ষণের জন্য কলকাতা থেকে অভিজ্ঞ কোচ আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি জানান, সাংস্কৃতিক অ্যাকাডেমির পাশাপাশি টেবিল টেনিস অ্যাকাডেমি গড়ে তোলাও সম্ভব হয়েছে বিভিন্ন মহলের সহযোগিতায়।
ভবন নির্মাণে আর্থিক সহায়তার জন্য সমীরণ ভট্টাচার্যকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তাঁর অনুদানেই টেবিল টেনিস অ্যাকাডেমির স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। সমীরণ ভট্টাচার্য তিন কিস্তিতে ১২ লক্ষ টাকা এবং পরে আরও ১ লক্ষ টাকা অনুদান দিয়েছেন। এছাড়া অসম টেবিল টেনিস সংস্থার দেওয়া ৪ লক্ষ টাকার অনুদান, যা সুদসহ বর্তমানে প্রায় ৬ লক্ষ টাকায় পৌঁছেছিল, সেই অর্থও ভবনের কাজে ব্যয় করা হয়েছে বলে জানান তিনি।
কৃপাময় রায় মেমোরিয়াল টুর্নামেন্টের স্পনসর পরিবারের প্রতিনিধি কৃষ্ণেন্দু রায় বলেন, ডিএসএ যতদিন এই প্রতিযোগিতা আয়োজন করবে, ততদিন তাঁদের পরিবার পৃষ্ঠপোষকতা অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোমশিখা মজুমদার, পঞ্চতপা সেন, পূর্বা রায়, সুস্মিতা রায় এবং কৃষাণু রায়সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।



