মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২৭ মে : ঈদকে সামনে রেখে জমজমাট কেনাকাটায় ব্যস্ত ছিল আছিমগঞ্জ গেট বাজার। চারদিকে উপচে পড়া ভিড়ের মধ্যেই আচমকা বৈদ্যুতিক খুঁটির মিটার বক্সে আগুন জ্বলে ওঠায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকাজুড়ে। অল্পের জন্য বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পায় নিউ প্রিয়া টেক্সটাইলস সহ আশপাশের একাধিক দোকান।
বুধবার সন্ধ্যা প্রায় সাড়ে ছয়টা নাগাদ বাজারের ব্যস্ততম অংশে নিউ প্রিয়া টেক্সটাইলসের সামনে রাস্তার ধারে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির মিটার বক্সে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যেই আগুনের শিখা ও ধোঁয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বাজার এলাকায়।
ঈদের কেনাকাটায় তখন বাজারে ছিল উপচে পড়া ভিড়। বিশেষ করে কাপড়ের দোকানগুলোতে নারী, পুরুষ ও শিশুদের ব্যাপক উপস্থিতি ছিল। আগুন দেখতে পেয়ে আতঙ্কিত ক্রেতারা দ্রুত দোকান থেকে বেরিয়ে রাস্তায় ছুটে আসেন। কয়েক মুহূর্তের মধ্যেই স্বাভাবিক পরিস্থিতি রূপ নেয় চরম আতঙ্কে।
প্রত্যক্ষদর্শীদের একাংশের অভিযোগ, আগুন লাগার পর অনেকেই আগুন নেভানোর বদলে মোবাইলে ভিডিও ধারণে ব্যস্ত হয়ে পড়েন। তবে স্থানীয় কয়েকজন সচেতন যুবক ও ব্যবসায়ী দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে উদ্যোগী হন। তাদের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। ঘটনার খবর পেয়ে Patharkandi Fire and Emergency Services-এ একাধিকবার ফোন করা হলেও দমকল বাহিনী পৌঁছানোর আগেই স্থানীয়দের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসে। পরে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করে ফিরে যান।
ঘটনার পর থেকেই এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, বাজার এলাকায় বৈদ্যুতিক খুঁটি, তার ও মিটার বক্স বসানোর কাজ এক বছরেরও কম সময় আগে সম্পন্ন হয়েছে। এর মধ্যেই এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় বিদ্যুৎ বিভাগের কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে।
ব্যবসায়ী ও বাসিন্দাদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণেই এমন বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সেজন্য বাজার এলাকার বিদ্যুৎ ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করার দাবিও তুলেছেন এলাকাবাসী।



