মাদকমুক্ত সমাজ গড়তে মাঠে কানাইবাজারের মহিলারা, পাথারকান্দি থানায় গণঅভিযোগ দায়ের

Spread the news

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২৬ মে : মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে এবার সরব হলেন পাথারকান্দি থানাধীন বৃহত্তর কানাই বাজার এলাকার মহিলারা। যুব সমাজকে নেশার করাল গ্রাস থেকে রক্ষা করতে মঙ্গলবার শতাধিক মহিলা একত্রিত হয়ে পাথারকান্দি থানায় গণঅভিযোগ দায়ের করেন এবং থানার ওসির হাতে একটি বিস্তারিত স্মারকপত্র তুলে দেন। এদিনের ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে কানাইবাজার, মইনাগড়েরমুখ সহ সংলগ্ন বিভিন্ন এলাকায় অবৈধভাবে মদ, গাঁজা ও অন্যান্য নেশাজাতীয় দ্রব্যের বিক্রি বেড়ে চলেছে। এর ফলে এলাকার যুব সমাজ ও ছাত্রছাত্রীরা নেশার দিকে ঝুঁকে পড়ছে বলে অভিযোগ স্থানীয়দের। সামাজিক পরিবেশও দিনদিন অবনতির দিকে যাচ্ছে বলে দাবি মহিলাদের। মঙ্গলবার দুপুরে কানাইনগর জিপি সভানেত্রীর প্রতিনিধি মঞ্জুলাল দত্তের নেতৃত্বে প্রায় শতাধিক মহিলা পাথারকান্দি থানায় উপস্থিত হন। দীর্ঘ সময় ধরে থানার ওসির সঙ্গে আলোচনা করে তাঁরা এলাকায় মাদকচক্রের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পরে তিন পাতার একটি স্মারকপত্র থানার হাতে তুলে দেওয়া হয়। স্মারকপত্রে বহু মহিলার স্বাক্ষর রয়েছে বলে জানা গেছে।

অভিযোগপত্রে কয়েকজনের নাম ও ঠিকানা উল্লেখ করে তাঁদের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ তোলা হয়েছে। মহিলাদের দাবি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এদিন উপস্থিত মহিলারা জানান, নেশার কারণে বহু পরিবার ধ্বংসের মুখে পড়ছে এবং যুব সমাজের ভবিষ্যৎ সংকটের মধ্যে পড়েছে। তাই বাধ্য হয়েই তাঁরা রাস্তায় নেমেছেন।

স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন এলাকায় প্রকাশ্যে নেশাজাতীয় দ্রব্য কেনাবেচা চললেও ভয়ের কারণে সাধারণ মানুষ প্রতিবাদ করতে পারেন না। প্রতিবাদ করলে হুমকি দেওয়ার ঘটনাও ঘটছে বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে এলাকার সচেতন মহিলারা ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলনের ডাক দিয়েছেন।
উল্লেখ্য, সম্প্রতি কানাইবাজার এলাকার শ্রী শ্রী মহাদেব বাড়িতে এক সাধারণ সভায় ১১ সদস্যবিশিষ্ট একটি মহিলা কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা জানান, প্রশাসনের সহযোগিতায় সচেতনতা অভিযান ও সামাজিক প্রচারের মাধ্যমে যুব সমাজকে নেশামুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *