
বরাক তরঙ্গ, ১৯ মে : বিজেপি-শাসিত রাজস্থানের যোধপুরে দুই বোনকে আত্মহত্যায় প্ররোচিত করার উদ্দেশ্যে ব্ল্যাকমেইল ও প্রাণনাশের হুমকির ঘটনার প্রতিবাদে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের অসম রাজ্য কমিটির পক্ষ থেকে মঙ্গলবার দুপুর ১২টায় গুয়াহাটির উলুবাড়িতে বিক্ষোভ প্রদর্শন ও মিছিলের আয়োজন করা হয়। বিক্ষোভ চলাকালে সেখানে বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদিকা অধ্যাপক বর্ণালী শর্মা।
বিক্ষোভ কার্যসূচিতে অনুষ্ঠিত প্রতিবাদী সভা পরিচালনা করেন সংগঠনের রাজ্য সম্পাদকমণ্ডলীর অন্যতম সদস্য স্বর্ণলতা চলিহা। বক্তারা বলেন, নারীদের সুরক্ষা প্রদানে ব্যর্থতার জন্যই রাজস্থান এবং দেশের অন্যান্য বিজেপি-শাসিত রাজ্যে এ ধরনের ঘটনা ক্রমাগত ঘটে চলেছে। তারা এই ঘটনার যথাযথ তদন্ত এবং প্রকৃত অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সভা শেষে, বিক্ষোভকারীরা স্লোগান দিতে দিতে পল্টন বাজার হয়ে উলুবাড়ি পর্যন্ত একটি মিছিল বের করেন।



