শিলচরে বর্ষায় জলাবদ্ধতা বৃদ্ধি, প্রশ্নের মুখে পরিকল্পনাহীন উন্নয়ন

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৫ মে : প্রতিবছরের মতো এবারের বর্ষাকালেও শিলচর শহরে জলাবদ্ধতার সমস্যা ক্রমেই ভয়াবহ রূপ নিতে শুরু করেছে। টানা ভারী বৃষ্টির জেরে শহরের বিভিন্ন এলাকায় জল জমে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। স্থানীয়দের অভিযোগ, রাঙ্গিরখাল ও লঙ্গাইখালের জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। বিশেষ করে শহরের বিভিন্ন ন্যাশনাল হাইওয়ে সংলগ্ন এলাকায় আগে থেকেই যানজট ও যাত্রী ভোগান্তি লেগেই থাকত। তার উপর বর্ষার জলাবদ্ধতা যুক্ত হওয়ায় যান চলাচল কার্যত ব্যাহত হচ্ছে। বহু গুরুত্বপূর্ণ সড়কে দীর্ঘক্ষণ যানবাহন আটকে থাকার অভিযোগ উঠেছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে খাল পরিষ্কার ও জল নিষ্কাশনের কাজ শুরু করা হয়েছে, তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, বর্ষার তীব্র বৃষ্টিপাতে সেই উদ্যোগের বাস্তব কোনও প্রভাব এখনও চোখে পড়ছে না। তাঁদের মতে, দীর্ঘদিন ধরে অপরিকল্পিত উন্নয়ন, অসম্পূর্ণ প্রকল্প বাস্তবায়ন এবং কাজের ধীরগতির কারণেই প্রতি বছর একই সমস্যার পুনরাবৃত্তি ঘটছে।

এদিকে, বিষয়টি রাজনৈতিক মহলেও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। শাসক ও বিরোধী পক্ষ একে অপরকে দোষারোপ করলেও স্থায়ী সমাধানের লক্ষ্যে কার্যকর উদ্যোগের অভাব রয়েছে বলে অভিযোগ সাধারণ মানুষের। বিরোধী শিবিরের একাংশ অবশ্য দাবি করেছে, তারা অযথা রাজনৈতিক বিরোধিতার পথে না গিয়ে উন্নয়নমূলক কাজকে সমর্থন করেই এগোতে চায়। সচেতন মহলের মতে, উন্নয়ন শুধুমাত্র নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। আগামী প্রজন্মের স্বার্থে সুপরিকল্পিত ও টেকসই অবকাঠামো গড়ে তোলাই এখন সময়ের দাবি। অন্যথায় প্রতি বর্ষাতেই শিলচরের মানুষকে একই দুর্ভোগের মুখোমুখি হতে হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *