৪৪ বছরে পদার্পণ আকসার, প্রতিষ্ঠা দিবসে তুলে ধরা হল সংগ্রাম ও সেবার ইতিহাস

Spread the news

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৫ মে : ৪৪ বছরে পদার্পণ করল অরাজনৈতিক ছাত্র সংগঠন আকসা। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুক্রবার শিলচর প্রেস ক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সংগঠনের দীর্ঘ আন্দোলন, সংগ্রাম, ছাত্রস্বার্থে গৃহীত বিভিন্ন উদ্যোগ এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডের ইতিহাস তুলে ধরেন সংগঠনের সদস্যরা। ১৯৮২ সালে শিলচরের একে চন্দ আইন মহাবিদ্যালয়ে আত্মপ্রকাশ ঘটে আকসার। প্রতিষ্ঠালগ্ন থেকেই ছাত্র-ছাত্রীদের ন্যায্য দাবি আদায়, শিক্ষা সংক্রান্ত সমস্যার সমাধান এবং সমাজের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে আসছে সংগঠনটি। সময়ের সঙ্গে সঙ্গে শিলচরকে কেন্দ্র করে বরাক উপত্যকার তিন জেলা—কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দিতে নিজেদের কার্যক্রম বিস্তৃত করেছে আকসা। বিভিন্ন প্রতিকূলতা, আন্দোলন ও সংগ্রামের পথ অতিক্রম করে সংগঠনটি এবার ৪৪ বছরে পদার্পণ করেছে।

প্রতিষ্ঠা দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে আকসার মুখ্য আহ্বায়ক রূপম নন্দী পুরকায়স্থ বলেন, প্রতিষ্ঠার প্রথম দিন থেকেই আকসা সমাজ ও জাতির কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ছাত্র-ছাত্রীদের সমস্যা সমাধান, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং অধিকার আদায়ের দাবিতে সংগঠনটি সবসময়ই সক্রিয় ভূমিকা পালন করেছে।
তিনি আরও উল্লেখ করেন, ঐতিহাসিক আসাম বিশ্ববিদ্যালয় আন্দোলনেও আকসার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সভায় উপস্থিত সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ অতীতের সংগ্রাম ও সাফল্যের স্মৃতিচারণ করে আগামী দিনে আকসাকে আরও শক্তিশালী ও জনমুখী সংগঠন হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।

প্রতিষ্ঠা দিবসের এই আলোচনা সভার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে আকসার ইতিহাস, আদর্শ ও লক্ষ্য আরও স্পষ্টভাবে তুলে ধরা সম্ভব হয়েছে বলে মত প্রকাশ করেন সংগঠনের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *