অসমবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ রিনিকি ভূঞা শর্মার

Spread the news

বরাক তরঙ্গ, ১২ মে : খানাপাড়ায় শপথ গ্রহণের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর সহধর্মিণী রিনিকি ভূঞা শর্মা অসমবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, মানুষের আশীর্বাদ, আস্থা ও ভালোবাসার কারণেই আবারও এই গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভ সম্ভব হয়েছে। একইসঙ্গে তিনি মুখ্যমন্ত্রীকে আহ্বান জানান, আগের মতোই নিষ্ঠা ও সততার সঙ্গে মানুষের কল্যাণে কাজ করে অসমকে আরও উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে।

অনুষ্ঠানের গৌরবময় মুহূর্তে স্বামীর দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, মানুষের জন্য নিরলস পরিশ্রম এবং সাফল্যের পথচলার কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তাঁর কণ্ঠে ফুটে ওঠে গর্ব, ভালোবাসা ও অসমবাসীর প্রতি গভীর শ্রদ্ধাবোধ।

এদিন মুখ্যমন্ত্রীর পরিবারের উপস্থিতি পুরো অনুষ্ঠানকে আরও মানবিক ও আবেগঘন করে তোলে। রিনিকি ভূঞা শর্মা মা কামাখ্যার কাছে প্রার্থনা জানিয়ে বলেন, আগামী দিনে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে অসমে উন্নয়নের নতুন অধ্যায় আরও শক্তিশালী হবে। খানাপাড়ার এই ঐতিহাসিক শপথ গ্রহণ অনুষ্ঠান তাই শুধু নতুন সরকারের সূচনা নয়, বরং পরিবার, আত্মত্যাগ, ভালোবাসা ও মানুষের আশীর্বাদের এক স্মরণীয় প্রতিচ্ছবি হিসেবেও দীর্ঘদিন মনে রাখা হবে।

এ দিকে, সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রীর তনয়া সুকন্যা শর্মা আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “আমাকে বাবা সবসময় সময় দিয়েছেন, আজ আমি গৌরবান্বিত বাবা দ্বিতীয়বার জনগণের আশীর্বাদে মুখ্যমন্ত্রী রূপে শপথ নিলেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *