পুর নিগমের নির্বাচনের অনিশ্চয়তার অবসান ঘটছে দাবি সমন্বয় মঞ্চের

Spread the news

বরাক তরঙ্গ, ৯ মে : শিলচর পুর নিগমের নির্বাচন নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটতে চলেছে বলে দাবি করেছে প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চ। শনিবার শিলচরের ট্রাঙ্করোডস্থিত সিটিভিওএ চত্বরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মঞ্চের নেতৃবৃন্দ জানান, আগামী দু’মাসের মধ্যেই শিলচর পুর কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা স্পষ্ট হয়ে উঠেছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মঞ্চের কার্যকরী সভাপতি আইনজীবী ধ্রুবকুমার সাহা, সাধারণ সম্পাদক কিশোর ভট্টাচার্য ও বাসুদেব শর্মা সহ মহিতোষ (আশু) পাল, অধ্যাপক ড. অজয় রায়, অতনু ভট্টাচার্য, রামেন্দ্র ভট্টাচার্য, নন্দ দুলাল সাহা, প্রণব দত্ত, অভিজিৎ পাল এবং দেবাশীষ দাম প্রমুখ।

মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, ২০২০ সালে শিলচর পুরসভার মেয়াদ শেষ হওয়ার পর থেকে আর কোনও পুর নির্বাচন অনুষ্ঠিত হয়নি। জনপ্রতিনিধির অভাবে পৌর পরিষেবা কার্যত স্থবির হয়ে পড়েছে বলেও অভিযোগ তোলা হয়। একই সঙ্গে, জনগণের মতামত ছাড়াই পুরকর বৃদ্ধি করার চেষ্টা করা হয়েছে বলেও দাবি করে মঞ্চ।
এই পরিস্থিতির প্রতিবাদে ধারাবাহিক আন্দোলনের পাশাপাশি গত বছর গৌহাটি হাইকোর্টেমএকটি রিট পিটিশন দাখিল করে প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চ। পিটিশনে অন্যায়ভাবে বর্ধিত পুরকর বাতিল এবং দ্রুত পুর নির্বাচন আয়োজনের দাবি জানানো হয়।

মঞ্চের নেতারা জানান, গত ২৯ এপ্রিল অনুষ্ঠিত সর্বশেষ শুনানিতে হাইকোর্ট আসাম সরকার, নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট বিভাগের জমা দেওয়া হলফনামার ভিত্তিতে নির্দেশ জারি করেছে। আদালত জানিয়েছে, আগামী ২৮ মে বর্ধিত পুরকর সংক্রান্ত চূড়ান্ত শুনানি হবে এবং ২২ জুলাই ২০২৬-এর মধ্যে শিলচর পৌর কর্পোরেশনের নির্বাচন সম্পন্ন করতে হবে। মঞ্চের দাবি, আদালতের এই নির্দেশ তাদের আন্দোলনের নৈতিক জয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন না হলে আন্দোলন আরও তীব্র করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এছাড়াও সাংবাদিক সম্মেলনে শহরের জলনিকাশি ব্যবস্থার উন্নয়নের দাবিতে চলমান আন্দোলন অব্যাহত রাখার কথাও জানানো হয়। নাগরিক পরিষেবা উন্নত ও পুর এলাকার জীবনযাত্রা আরও সুষ্ঠু করতে ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা পালন করবে বলে জানিয়েছে মঞ্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *