বরাক তরঙ্গ, ৯ মে : গুয়াহাটিতে পোর্টাল সাংবাদিক বিনয় কলিতাকে গ্রেফতার করল জালুকবাড়ি পুলিশ। তাঁর বিরুদ্ধে ব্ল্যাকমেল করে প্রায় ২ লক্ষ টাকা আদায়ের গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক মহলসহ বিভিন্ন মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, জাতীয় সড়কে গরু পাচারের সঙ্গে জড়িত কিছু যানবাহন নির্বিঘ্নে পার করে দেওয়ার আশ্বাস দিয়ে অভিযুক্ত সাংবাদিক মোটা অঙ্কের টাকা আদায় করেছিলেন বলে অভিযোগ। দীর্ঘদিন ধরেই তিনি এই ধরনের অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন বলে সন্দেহ করছে তদন্তকারী দল।
এছাড়াও, অভিযানের সময় এক পুলিশ কর্মীর উপর হামলা ও মারধরের অভিযোগও উঠেছে বিনয় কলিতার বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে কঠোর পদক্ষেপ নিতে হয় বলে জানা গেছে।
পরবর্তীতে জালুকবাড়ি পুলিশ অভিযান চালিয়ে বিনয় কলিতাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
এই ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।



