৬ মে : তামিলনাড়ুর রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে ডিএমকে ও কংগ্রেসের মধ্যে সম্পর্কের টানাপোড়েন। অভিনেতা-রাজনীতিক বিজয়ের দল টিভিকে সরকার গঠনে সমর্থন দেওয়ার প্রশ্নে কংগ্রেসের অবস্থানকে কড়া ভাষায় আক্রমণ করেছে ডিএমকে। ডিএমকের শীর্ষ নেতৃত্ব কংগ্রেসের এই পদক্ষেপকে ‘ব্যাকস্ট্যাবিং’ বা ‘পিছন থেকে ছুরি মারা’ বলে অভিহিত করেছে, যা জোট রাজনীতিতে বড় ফাটলের ইঙ্গিত দিচ্ছে।
সূত্রের খবর, মঙ্গলবার রাতে কংগ্রেস একটি ভার্চুয়াল বৈঠকে সিদ্ধান্ত নেয় যে তারা শর্তসাপেক্ষে টিভিকে-কে সমর্থন জানাতে প্রস্তুত। এই সমর্থনের বিনিময়ে কংগ্রেস মন্ত্রিসভায় নির্দিষ্ট সংখ্যক মন্ত্রিত্ব এবং বিভিন্ন সরকারি বোর্ডে চেয়ারম্যান পদ দাবি করেছে। জানা যাচ্ছে, বৃহস্পতিবার এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হতে পারে। এর পরপরই পনাইয়ুরে বিজয়ের সঙ্গে কংগ্রেস নেতাদের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই সিদ্ধান্তে ক্ষুব্ধ ডিএমকে নেতৃত্ব মনে করছে, কংগ্রেস জোটের নৈতিকতা ভঙ্গ করেছে। তাদের দাবি, দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণ ও বোঝাপড়া উপেক্ষা করে কংগ্রেস একতরফাভাবে নতুন সমীকরণ তৈরি করতে চাইছে। ডিএমকের একাধিক নেতা জানিয়েছেন, এই পদক্ষেপ শুধু রাজনৈতিক বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নের মুখে ফেলছে না, বরং ভবিষ্যতের জোট রাজনীতিকেও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।



