মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৪ মে : যেমন প্রত্যাশা, তেমনই ফল। পাথারকান্দি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল কংগ্রেস প্রার্থী কার্তিকসেনা সিনহাকে পরাজিত করে টানা তৃতীয়বারের মতো জয় ছিনিয়ে নিয়ে গড়লেন হ্যাটট্রিকের নজির। এই জয়ের মাধ্যমে তিনি শুধু নিজের রাজনৈতিক অবস্থানকেই আরও মজবুত করলেন না, বরং শ্রীভূমি জেলা, বরাক উপত্যকা সহ সমগ্র রাজ্যের রাজনৈতিক অঙ্গনেও এক গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিলেন।
ফলাফল স্পষ্ট হতেই পাথারকান্দি সহ শ্রীভূমি জেলা সদরে শুরু হয় বিজয় উল্লাস। দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা আনন্দ মিছিলে ফেটে পড়েন। ঢাক-ঢোল, আবির আর উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। দীর্ঘদিনের প্রত্যাশিত এই জয়ে উচ্ছ্বাসে ভাসতে দেখা যায় সাধারণ সমর্থকদেরও।
নিজের জয় নিশ্চিত হওয়ার পর গণনা কেন্দ্র থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৃষ্ণেন্দু পাল বলেন, “এই জয় আমার একার নয়, এটি পাথারকান্দির সাধারণ মানুষের জয়।” তিনি কেন্দ্রের জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের আস্থা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানান।

একইসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, রাজ্যে বিজেপির নেতৃত্বে তৃতীয়বারের মতো সরকার গঠিত হবে এবং সেই ধারাবাহিকতায় পাথারকান্দি বিধানসভা কেন্দ্রসহ গোটা রাজ্যের উন্নয়ন আরও গতিশীল হবে। উন্নয়নের এই যাত্রা অব্যাহত রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
সব মিলিয়ে, পাথারকান্দির এই হ্যাটট্রিক জয় শুধু একটি রাজনৈতিক সাফল্য নয়, বরং এটি জনআস্থার প্রতিফলন যা আগামী দিনে রাজ্যের রাজনীতিতে নতুন দিশা দেখাবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এদিকে এবাারের নির্বাচনের চূড়ান্ত ফলাফলে পাথারকান্দি বিধানসভা কেন্দ্রে আরও একবার নিজের প্রভাব বিস্তার করলেন বিজেপি প্রার্থী তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তিনি মোট ৯৮,১০০ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী কার্তিক সেনা সিনহাকে ৪৬,৭৬৪ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করেন।
এই জয়ের মাধ্যমে কৃষ্ণেন্দু পাল টানা তৃতীয়বারের মতো পাথারকান্দি বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়ে হ্যাটট্রিক অর্জন করেন। বিপুল ব্যবধানে এই জয় তার জনপ্রিয়তা ও জনসমর্থনেরই স্পষ্ট প্রতিফলন বলে মনে করছেন রাজনৈতিক মহল।



