বিকেলে মোদির মেগা ভাষণ! দিল্লির সদর দপ্তরে মিষ্টির পাহাড়

Spread the news

৪ মে : পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের লড়াই এখন চূড়ান্ত পর্যায়ে। ভোটবাক্স খুলতেই গেরুয়া ঝড়ের আভাস পেয়ে উল্লাসে মেতেছে বিজেপি শিবির। বিশেষ করে পশ্চিমবঙ্গ, অসম এবং পুদুচেরিতে প্রাথমিক ট্রেন্ড আসতেই রেকর্ড গড়ার স্বপ্ন দেখতে শুরু করেছে পদ্মবাহিনী। জয়ের এই আগাম আঁচ পেয়েই সাজো সাজো রব দিল্লির বিজেপি সদর দপ্তরে। সন্ধ্যায় বিজেপি সদর দপ্তরে বিশাল জমায়েত হতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেখানে ভাষণ দেবেন।

সোমবার সকাল আটটায় ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই দিল্লির সদর দপ্তরে ব্যস্ততা তুঙ্গে। জিলিপি ভাজা থেকে শুরু করে লাড্ডু আর পুরী তৈরির ধুম লেগেছে কর্মীদের মধ্যে। বিজেপি সূত্রে খবর, দিনভর মিষ্টিমুখের বিশেষ ব্যবস্থা করা হয়েছে। দলের শীর্ষ নেতৃত্ব ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছে গিয়েছেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী সেখানে পৌঁছালে এক বিশাল সমাবেশের পরিকল্পনা রয়েছে বলে খবর।

বিজেপি (BJP) নেতৃত্বের পাখির চোখ ছিল পশ্চিমবঙ্গ। গণনা যত এগোচ্ছে, রাজ্যে গেরুয়া শিবিরের জয়ের প্রবণতা বাড়ছে বলেই দাবি করা হচ্ছে। অন্যদিকে, অসমে টানা ১০ বছর ক্ষমতায় থাকার পর তৃতীয়বারের মতো মসনদ দখলের পথে পদ্ম শিবির। পুদুচেরিতেও এনআর কংগ্রেসের সঙ্গে জোট রয়েছে বিজেপির। সেখানে বড় জয়ের ইঙ্গিত দিচ্ছে বুথ ফেরত সমীক্ষা ও প্রাথমিক ট্রেন্ড। প্রধানমন্ত্রীর দাবি করা ‘রেকর্ড জয়’ কি তবে বাস্তবে রূপ নিতে চলেছে? সেই উত্তরই এখন সময়ের অপেক্ষা।

বিজেপি সূত্রের খবর, বিকেল গড়াতেই যখন জয়ের চিত্র আরও স্পষ্ট হবে, তখন থেকেই শুরু হবে মূল উৎসব। মেগা সোমবারের এই সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ভাষণে কী চমক থাকে, সেদিকেই তাকিয়ে গোটা দেশের রাজনৈতিক মহল। পাঁচ রাজ্যের জনতার রায় কি সত্যিই মোদি-ম্যাজিকের জয়গান গাইবে? দিল্লির জিলিপির সুগন্ধ কি বাংলাতেও পৌঁছাবে? কয়েক ঘণ্টার মধ্যেই মিটবে সব কৌতূহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *