চাঞ্চল্যকর ঘটনা: টাকা তুলতে বোনের কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাঙ্কে হাজির দাদা

Spread the news

২৮ এপ্রিল : ওড়িশার কেওঁঝর জেলায় মানবিকতার এক মর্মান্তিক চিত্র সামনে এসেছে। নিজের মৃত বোনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মাত্র ১৯,৩০০ টাকা তোলার জন্য প্রখর রোদে প্রায় তিন কিলোমিটার পথ হাঁটলেন এক ব্যক্তি—তাও আবার বোনের কঙ্কাল কাঁধে নিয়ে।
ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন জিতু মুন্ডা, কেওঁঝর জেলার দিয়ানালি গ্রামের বাসিন্দা। তাঁর বোন কাকরা মুন্ডার অ্যাকাউন্ট ছিল ওড়িশা গ্রামীণ ব্যাঙ্কের মল্লিপাসি শাখায়। প্রায় দুই মাস আগে কাকরার মৃত্যু হয়। এর আগেই তাঁর স্বামী ও একমাত্র সন্তানও মারা যান। ফলে জিতুই ছিলেন তাঁর একমাত্র জীবিত আত্মীয়।

জিতু যখন বোনের অ্যাকাউন্টে থাকা ১৯,৩০০ টাকা তোলার জন্য ব্যাঙ্কে যান, তখন ব্যাঙ্ক ম্যানেজার জানিয়ে দেন অ্যাকাউন্টধারীকে উপস্থিত থাকতে হবে অথবা বৈধ উত্তরাধিকারীর কাগজপত্র জমা দিতে হবে। অশিক্ষিত আদিবাসী জিতুর কাছে মৃত্যু সনদ বা উত্তরাধিকার সংক্রান্ত কোনও নথি না থাকায় তিনি অসহায়ভাবে ফিরে আসেন।

এরপর সোমবার চরম সিদ্ধান্ত নেন জিতু। তিনি গ্রামের শ্মশানে গিয়ে বোনের দেহাবশেষ তুলে আনেন, কাপড়ে মুড়ে কাঁধে নিয়ে তীব্র রোদে প্রায় তিন কিলোমিটার হেঁটে আবার ব্যাংকের সামনে হাজির হন।

ব্যাঙ্কে পৌঁছানোর পর সেই দৃশ্য দেখে হতবাক হয়ে পড়েন স্থানীয়রা। কেউ চোখের জল সামলাতে পারেননি, আবার কেউ ক্ষোভে ফেটে পড়েন। গ্রামবাসী ব্যাঙ্কের বিরুদ্ধে চরম অমানবিকতার অভিযোগ তোলেন। তাঁদের প্রশ্ন—“একজন গরিব মানুষ নিজের টাকাই কি এভাবে পেতে হবে?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *