বরাক তরঙ্গ, ২৮ এপ্রিল : অসম রাজ্য শিক্ষা পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত উচ্চমাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। এ বছর পরীক্ষায় সামগ্রিকভাবে উত্তীর্ণের হার ৯১.৫৪ শতাংশ। শাখাভিত্তিক ফলাফলে দেখা গেছে, কলা শাখায় ৭৯.৫৪ শতাংশ, বাণিজ্য শাখায় ৮১.১৩ শতাংশ এবং বিজ্ঞান শাখায় ৮৯.৭৯ শতাংশ ছাত্র-ছাত্রী উত্তীর্ণ হয়েছে।
এবারের উচ্চমাধ্যমিক চূড়ান্ত পরীক্ষায় মোট ৩ লক্ষ ৩০ হাজার ৭৪৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে কলা শাখায় ২ লক্ষ ৪৭ হাজার ৮৬৫ জন, বাণিজ্য শাখায় ১৯ হাজার ৮০৬ জন এবং বিজ্ঞান শাখায় ৬১ হাজার ৫৬৮ জন পরীক্ষার্থী ছিল। পাশাপাশি বৃত্তিমূলক শাখায় ১,৫০৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
উল্লেখ্য, গত বছর অসম বোর্ডের এইচএস দ্বাদশ শ্রেণির পরীক্ষা ১৩ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয় এবং ৩০ এপ্রিল ২০২৫-এ ফলাফল প্রকাশ করা হয়। সে সময় কলা শাখায় উত্তীর্ণের হার ছিল ৮১.০৩ শতাংশ, বিজ্ঞান শাখায় ৮৪.৮৮ শতাংশ এবং বাণিজ্য শাখায় ৮২.১৮ শতাংশ।



