বড়খলায় ধসে পড়ল পথচারী সেতু, নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ রক্ষা

Spread the news

বরাক তরঙ্গ, ২৭ এপ্রিল : কাছাড় জেলার বড়খলা এলাকায় বড়সড় দুর্ঘটনা। রংঘর-ভাঙ্গারপার সংযোগকারী হারাং নদীর উপর নির্মিত একটি পথচারী সেতু রবিবার রাতে আচমকাই ভেঙে পড়ে। সেতুর উপর উপস্থিত কয়েকজন ব্যক্তি তৎক্ষণাৎ নদীতে ঝাঁপ দিয়ে কোনওভাবে প্রাণে বাঁচেন এবং পরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার মাত্র ৪৮ ঘণ্টা আগেই বিভিন্ন সংবাদমাধ্যমে সেতুটি ভেঙে পড়ার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা প্রকাশিত হয়েছিল। তবে অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। দীর্ঘদিন ধরেই সেতুটি অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় ছিল। বিকল্প যোগাযোগ ব্যবস্থা না থাকায় ঝুঁকি নিয়েই প্রতিদিন যাতায়াত করছিলেন এলাকাবাসী। পথচারী সেতু হওয়া সত্ত্বেও এর উপর দিয়ে বাইক ও ছোট যানবাহন চলাচল করত বলে জানা গেছে।

সেতু ধসে পড়ার ফলে রংঘর গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষ সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন পড়ুয়া ও রোগীরা, কারণ নদীর পশ্চিম পারে অবস্থিত স্কুল, হাসপাতালসহ বিভিন্ন জরুরি পরিষেবা।

এ ঘটনার পর এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত অস্থায়ী যোগাযোগ ব্যবস্থা চালু করা এবং নতুন সেতু নির্মাণের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *