বরাক তরঙ্গ, ২৬ এপ্রিল : ভোররাতের ভয়াবহ অগ্নিকাণ্ডে রামকৃষ্ণনগরের পশ্চিম সিংলা গ্রামের এক বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় বাসিন্দা সুনীল দাসের বাড়িতে হঠাৎ আগুন লেগে মুহূর্তের মধ্যেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার ভোরের নিস্তব্ধতার মধ্যে আচমকাই আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই লেলিহান শিখা শোবার ঘর ও রান্নাঘরসহ মোট তিনটি ঘর গ্রাস করে নেয়। আগুনের তীব্রতায় পরিবারের সদস্যরা কিছু বুঝে ওঠার আগেই তাঁদের দীর্ঘদিনের সঞ্চয় ও একমাত্র আশ্রয় ভস্মীভূত হয়ে যায়।
তবে এই মর্মান্তিক ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান পরিবারের সদস্যরা। ঘটনার সময় তাঁরা ঘুমিয়ে থাকলেও প্রতিবেশীদের তৎপরতায় দ্রুত তাঁদের জাগিয়ে নিরাপদে বাইরে বের করে আনা হয়। স্থানীয়দের মতে, সময়মতো সতর্ক না করলে বড়সড় প্রাণহানির আশঙ্কা ছিল।
ঘটনার খবর পেয়ে রাতাবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও স্পষ্ট নয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।



