মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৬ এপ্রিল : শ্রীভূমিতে ফের আয়োজিত হতে যাচ্ছে রাজ্যস্তরের এক বড় ক্রীড়া প্রতিযোগিতা। আগামী ২২, ২৩ ও ২৪ মে অনুষ্ঠিত হবে ৪৯তম অসম রাজ্যিক ব্রিজ চ্যাম্পিয়নশিপ। শ্রীভূমি জেলা রিক্রিয়েশন সেন্টারের উদ্যোগে তিনদিনব্যাপী এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
রবিবার জেলা রিক্রিয়েশন সেন্টারের পক্ষ থেকে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানানো হয়, অসম, মেঘালয় ও ত্রিপুরা-সহ উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য থেকে প্রায় ১১৫ জন দক্ষ ও অভিজ্ঞ খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশ নেবেন। প্রতিযোগিতাকে ঘিরে ইতিমধ্যেই জেলাজুড়ে উৎসাহ ও আগ্রহের পরিবেশ তৈরি হয়েছে।
উল্লেখ্য, এর আগে ২০০২ ও ২০১৬ সালেও শ্রীভূমিতে সফলভাবে রাজ্যিক ব্রিজ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ বিরতির পর আবারও এই গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা আয়োজিত হওয়ায় খেলাপ্রেমীদের মধ্যে আনন্দের সঞ্চার হয়েছে।
আয়োজকরা জানান, ব্রিজ শুধু একটি খেলা নয়, এটি বুদ্ধিমত্তা, কৌশল ও মনোসংযোগের এক অনন্য সমন্বয়। তাই এই বড় আয়োজন সফল করতে সকল স্তরের মানুষের সহযোগিতা ও সমর্থন কামনা করা হয়েছে।
তাঁরা আরও জানান, ব্রিজ খেলা আন্তর্জাতিক পর্যায়েও বিশেষ স্বীকৃতি অর্জন করেছে এবং ইতিমধ্যেই অলিম্পিক পর্যায়েও স্থান করে নিয়েছে। ফলে নতুন প্রজন্মের মধ্যেও এই খেলাকে ঘিরে আগ্রহ বাড়ছে।
আসন্ন এই ৪৯তম অসম রাজ্যিক ব্রিজ চ্যাম্পিয়নশিপ শ্রীভূমির ক্রীড়া ও সাংস্কৃতিক পরিমণ্ডলে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।



