বরাক তরঙ্গ, ২৫ এপ্রিল : ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু ঘটেছে। ট্রাক ও একটি সুইফট ডিজায়ার গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটে। শুক্রবার রাতে কলিয়াবরের রাঙলুর ৩৭ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি সংঘটিত হয়।
নিহতদের মধ্যে একজনের পরিচয় মিলেছে। তিনি শিবসাগরের নাজিরা এলাকার বাসিন্দা মনোজ নেওগ। অপর নিহতের পরিচয় এখনও সম্পূর্ণভাবে জানা যায়নি। প্রাথমিক তথ্য অনুযায়ী, নাজিরার সুন্দরপুর থেকে তেজপুরের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় দুর্ঘটনার শিকার হয় গাড়িটি।
দুর্ঘটনায় একটি শিশুসহ আরও কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছেন। আহতদের মধ্যে তনুশ্রী নেওগ, সুস্মিতা নেওগ এবং কণমানি পরি নেওগের নাম জানা গেছে।
স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে দ্রুত তেজপুরে পাঠানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য। এই ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের পরিবেশ সৃষ্টি হয়েছে।



