বরাক তরঙ্গ, ২৪ এপ্রিল : মরিকলঙ এলাকায় গভীর রাতে এক চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটেছে। চিকিৎসক ডাঃ রঞ্জিত শইকিয়ার বাড়িতে ডাকাতির পাশাপাশি হামলা চালায় দুষ্কৃতীরা। ডাকাত দলের আক্রমণে গুরুতর জখম হন চিকিৎসকের স্ত্রী।
আহত রূপরেখা শইকিয়াকে তড়িঘড়ি গুয়াহাটির অ্যাপোলো ইন্টারন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন। তবে তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল এবং আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নগাঁও পুলিশের একটি দল। পরে ঘটনাস্থল পরিদর্শনে আসেন নগাঁও জেলার পুলিশ সুপার পার্থপ্রতীম দাস।
উল্লেখ্য, এর আগেও নির্বাচনের সময় ডাঃ শইকিয়ার বাড়ি থেকে প্রায় ২৮ লক্ষ টাকা চুরির ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় দুই নাবালক জড়িত ছিল বলে জানা যায়। পরবর্তীতে চামগুড়ি শালনা এলাকায় একটি স্কুটি থেকে পুলিশ ওই চুরি যাওয়া অর্থ উদ্ধার করে। যদিও উদ্ধার হওয়া টাকার সঙ্গে নিজের কোনও সম্পর্ক নেই বলে দাবি করেছিলেন ডাঃ শইকিয়া।



