বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিআরপিএফ জওয়ানের মৃত্যু

Spread the news

বরাক তরঙ্গ, ২৩ এপ্রিল : ডিউটি শেষে বাড়ি ফিরে বৈদ্যুতিক পাখায় সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক সিআরপিএফ জওয়ানের। মৃত জওয়ানের নাম মিথিলেশ রায়। বুধবার সন্ধ্যায় রাজধানীর এনসিসি থানাধীন গোয়ালাবস্তি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

জানা গেছে, ডিউটি সেরে বাড়ি ফেরার পর বৈদ্যুতিক পাখায় সংযোগ করার সময় আচমকাই বিদ্যুৎস্পৃষ্ট হন মিথিলেশ রায়। গুরুতর আহত অবস্থায় পড়ে গেলে চিৎকার শুনে বাড়ির অন্যান্য সদস্যরা ছুটে এসে তাকে উদ্ধার করেন। তড়িঘড়ি করে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

মিথিলেশ রায় সিআরপিএফ-এর ১২৪ নম্বর ব্যাটেলিয়ানে কর্মরত ছিলেন। তার কর্মস্থল ছিল শালবাগান কার্যালয়ে। বাড়ি রায়পুরে হলেও তিনি আগরতলার গোয়ালাবস্তি এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন।
বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য বেসরকারি হাসপাতাল থেকে তার দেহ জিবি হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়। এনসিসি থানার এক আধিকারিক এ তথ্য জানান। এদিন সিআরপিএফ-এর উচ্চপদস্থ আধিকারিকরা মর্গে উপস্থিত হয়ে নিহত জওয়ানকে শেষ শ্রদ্ধা জানান এবং মরদেহে পুষ্পার্ঘ অর্পণ করেন। পরে সেখান থেকেই কফিনবন্দি দেহ বিমানে করে তার বাড়ি রায়পুরে পাঠানোর ব্যবস্থা করা হয়।
এই মর্মান্তিক ঘটনায় শালবাগান ও গোয়ালাবস্তি এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *