বরাক তরঙ্গ, ২৩ এপ্রিল : জুবিন গৰ্গ হত্যা মামলায় অভিযুক্ত শ্যামকানু মহন্তের জামিন আবেদনের শুনানি সম্পন্ন হয়েছে। আগামীকাল আদালত এই বিষয়ে রায় দিতে পারে বলে জানা গেছে। আদালতে এসে আবারও শ্যামকানু মহন্তকে নির্দোষ দাবি করে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন তাঁর স্ত্রী অনিতা ডেকা মহন্ত।
অসমবাসীর প্রতি হাতজোড় করে আবেদন জানিয়েছেন অনিতা ডেকা মহন্ত। তিনি বলেন, “অনুগ্রহ করে হিংসা ও রাগ পরিত্যাগ করে আমাদের জীবনের হারানো সম্মান ফিরিয়ে আনতে সাহায্য করুন, যাতে আমরা আবার সমাজে আগের মতো ভালোভাবে থাকতে পারি। জুবিন গৰ্গ না থাকায় শ্যামকানু মহন্তও গভীরভাবে কষ্ট পেয়েছেন। শ্যামকানু মহন্ত মদ সরবরাহ করেছিলেন—এর কোনও প্রমাণ নেই।”
অনিতা ডেকা মহন্ত আরও বলেন, “জুবিন গৰ্গকে জোর করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল—এমন কোনও প্রমাণও নেই। মামলা প্রমাণের ভিত্তিতেই চলবে। আমার মনে হয়, জুবিনের মতো একজন মহান ব্যক্তিত্বকে আমরা হারিয়েছি। সেই ক্ষতি আমাদের সৃজনশীল কাজের মাধ্যমে পূরণ করা উচিত, কাউকে ফাঁসি দেওয়া বা হত্যা করা সমাধান নয়।”
তিনি আরও বলেন, “আমরা যেখানেই অনুষ্ঠান করি, জুবিনের পরামর্শ নিয়েই করি। আমি কাউকে দোষ দিতে পারি না।”
এ দিকে, বুধবার শ্যামকানু মহন্তের স্ত্রী অনিতা ডেকা বলেন, “আমার স্বামী নিরপরাধ, অথচ তিনি জেলে আছেন—এটা তাঁর প্রতি অন্যায়। জুবিনের মতো মহান আত্মা এতে কত কষ্ট পাবেন। আমরা জুবিনের জন্যও ন্যায়বিচার চাই। অসমীয়া সংস্কৃতিকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠা করতে জুবিন নিজেই সিঙ্গাপুরে গিয়েছিলেন। ইয়ট পার্টির বিষয়ে শ্যামকানু মহন্ত কিছুই জানতেন না। ঘটনার সময় তিনি প্রায় ৫০ কিলোমিটার দূরে একটি বৈঠকে ব্যস্ত ছিলেন। আমিও ওই অনুষ্ঠানের জন্য সিঙ্গাপুরে উপস্থিত ছিলাম।”



