২৩ এপ্রিল : উত্তরপ্রদেশের মির্জাপুর জেলায় বুধবার রাতে ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক একাধিক গাড়িতে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই প্রাণ হারান অন্তত ১১ জন। দুর্ঘটনার পর একটি গাড়িতে ভয়াবহ আগুন ধরে যায়, যার ফলে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয় বেশ কয়েকজন যাত্রীর।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত প্রায় ৮টা ২০ মিনিট নাগাদ ড্রামন্ডগঞ্জ থানা এলাকার বারকা মোড়ের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, একটি ট্রাকের ব্রেক হঠাৎ বিকল হয়ে গেলে সেটি সামনে থাকা আরেকটি ট্রাকে ধাক্কা মারে। দুই ট্রাকের মাঝে পড়ে যায় একটি যাত্রীবাহী গাড়ি, যা মুহূর্তের মধ্যে দুমড়ে-মুচড়ে যায়। এরপর আরও একটি গাড়ি এসে ওই ট্রাকগুলিতে ধাক্কা মারে।
এই সংঘর্ষের জেরে একটি গাড়ির টায়ারে আগুন ধরে যায় এবং দ্রুত তা পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। গাড়ির ভেতরে আটকে পড়া যাত্রীরা বেরোতে না পেরে জীবন্ত পুড়ে মারা যান। মৃতদের অধিকাংশই ওই গাড়ির যাত্রী বলে জানা গেছে। নিহতদের মধ্যে চারজন শিশু রয়েছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ততক্ষণে বহু প্রাণহানি ঘটে গেছে। দুর্ঘটনায় এক ট্রাক চালকেরও মৃত্যু হয়েছে, অপর ট্রাক চালকের অবস্থা আশঙ্কাজনক।
মির্জাপুরের পুলিশ সুপার অপর্ণা রজত কৌশিক জানিয়েছেন, ড্রামন্ডগঞ্জ পাহাড় থেকে নামার সময় একটি ট্রাকের ব্রেক ফেল করায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলেই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।



