শিলং-পিনুর্সলা-ডাউকি সড়কে দুর্ঘটনা, বোল্ডার ধসে দু’জনের মৃত্যু

Spread the news

বরাক তরঙ্গ, ২১ এপ্রিল : শিলং-পিনুর্সলা-ডাউকি সড়কের মাউলিয়েহ এলাকায়, লিংকিরদেম গ্রামের কাছে একটি বোলেরো পিক-আপ গাড়ির উপর বিশাল পাথর ধসে পড়ায় দু’জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির নম্বর এমএল০৫ এডি ৫৫১৪।
জানা গেছে, সোমবার বিকেল প্রায় ৫টা নাগাদ গাড়িটি পিনুর্সলার দিকে নামার সময় এই দুর্ঘটনা ঘটে। মৃতদের মধ্যে একজনের পরিচয় টেইবোর খংথোহরেম (রিমাসার এলাকার বাসিন্দা) হিসেবে জানা গেছে। অপর মৃত ব্যক্তি পিনুর্সলা এলাকার পংতুং এলাকার বাসিন্দা বলে সূত্রের খবর। দুর্ঘটনার পর ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাতে সোমবার রাতে কয়েক ঘণ্টা সময় লাগে, তবে টানা বৃষ্টির কারণে সেই কাজে বিঘ্ন ঘটে।

উল্লেখ্য, ওই সড়কটি বর্তমানে রাস্তা সম্প্রসারণের কাজ চলার কারণে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আগে থেকেই ঝুলন্ত বড় পাথর সরাতে নিয়ন্ত্রিত বিস্ফোরণ চালিয়েছিল কর্তৃপক্ষ, যা যাত্রীদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় বলে জানানো হয়।

বর্তমানে শিলং–পিনুর্সলা–ডাউকি সড়কে দু’লেন নির্মাণের কাজ চলছে। এই কাজ নির্বিঘ্নে চালানো এবং দুর্ঘটনার ঝুঁকি কমাতে পিনুর্সলার সাব-ডিভিশনাল অফিসার (এসডিও) প্রতিদিন সকাল ৭টা থেকে ১০টা ৩০ মিনিট এবং বিকেল ৩টা ৩০ মিনিট থেকে রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *