ভয়াবহ দুর্ঘটনা! খাদে পড়ল যাত্রীবাহী বাস, মৃত অন্তত ১৫

Spread the news

২০ এপ্রিল : মর্মান্তিক পথ দুর্ঘটনার সাক্ষী থাকল জম্মু ও কাশ্মীর। সোমবার সকালে জম্মু-কাশ্মীরের উধমপুর জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পাহাড়ি রাস্তা থেকে গভীর খাদে গড়িয়ে পড়ে প্রাণ হারালেন কমপক্ষে ১৫ জন। এই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও ২০ জন যাত্রী। রামনগর থেকে উধমপুর যাওয়ার পথে খাগোট এলাকার কানোট গ্রামে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে খবর, এদিন সকাল ১০টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। বাসটি অত্যন্ত দ্রুতগতিতে আসছিল। প্রত্যক্ষদর্শীদের মতে, পাহাড়ি রাস্তার একটি অত্যন্ত বিপজ্জনক বাঁক ঘোরার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যে বাসটি রাস্তা থেকে ছিটকে খাদে গড়িয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় জেলা প্রশাসন, পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে জানান, জেলা প্রশাসনের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ রয়েছে। মন্ত্রী বলেন, ‘উদ্ধারকাজ দ্রুতগতিতে চালানো হচ্ছে। আহতদের সব ধরনের চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে এবং প্রয়োজন হলে গুরুতর আহতদের এয়ারলিফ্ট করে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।’

জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর (এলজি) মনোজ সিনহা এই ঘটনাকে ‘হৃদয়বিদারক’ বলে অভিহিত করেছেন। শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, ‘জেলা প্রশাসন, পুলিশ এবং স্বাস্থ্য দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে দুর্গতদের সব রকম সাহায্য নিশ্চিত করা হয়।’

উধমপুরের পাহাড়ি রাস্তায় এই ভয়াবহ দুর্ঘটনা নতুন করে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে দুর্ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুল্যান্স মোতায়েন রয়েছে এবং উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত তৎপরতা জারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *