মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৯ এপ্রিল : মহিলা সংরক্ষণ বিলকে কেন্দ্র করে বরাক উপত্যকায় রাজনৈতিক উত্তেজনা ক্রমেই তীব্র আকার ধারণ করেছে। এই আবহেই ভারতীয় জনতা পার্টির শ্রীভূমি জেলা মহিলা মোর্চার উদ্যোগে এক বিক্ষোভমূলক প্রতিবাদ কর্মসূচি আয়োজিত হয়, যেখানে বিরোধী দলগুলির বিরুদ্ধে সরব হন বিজেপি নেতৃত্ব ও কর্মীরা।
জেলা বিজেপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র সমালোচনার ঝড় ওঠে। বক্তারা অভিযোগ করেন, মহিলা সংরক্ষণ বিলের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বিরোধীদের অবস্থান নারীর অধিকার ও সম্মানের পরিপন্থী।
এদিন কর্মসূচির অংশ হিসেবে বিজেপি কর্মীরা রাহুল গান্ধীর কুশপুতুল দাহ করে ক্ষোভ প্রকাশ করেন। প্রতিবাদ মঞ্চ থেকে “কংগ্রেস মুর্দাবাদ” ও “তৃণমূল কংগ্রেস মুর্দাবাদ” সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। উপস্থিত নেতৃত্বরা জানান, নারীদের রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে এই বিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এর বিরোধিতা মানেই নারীর অগ্রগতিকে বাধাগ্রস্ত করা। আগামী দিনেও এই ইস্যুতে আন্দোলন জারি থাকবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।



